মাক্কী Makki مَكِّيّ · ৩ আয়াত · ১০৩

আল-আসর

العصر

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

وَٱلۡعَصۡرِ ١ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ ٢ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ ٣ (سورة العصر: 1–3)

সূরা আল-আছর এর শিক্ষা ও তাৎপর্য

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি


সুরা আল-আসর শুরু হয়েছে সময়ের শপথ এবং আসরের সালাতের গুরুত্ব বর্ণনার মাধ্যমে। আল্লাহ তায়ালা বলেন: ﴾وَالْعَصْرِ﴿ “সময়ের শপথ” আল্লাহ তায়ালা এখানে ‘আসর’ দ্বারা শপথ করেছেন, যার অর্থ আসরের সালাত, দিনের একটি সময় অথবা দিন ও রাত। এই শব্দটির মাধ্যমে সময়ের সকল অবস্থাকেই বোঝানো হয়েছে, যেমনটি ইবনে জারীর আল-তাবারী, আল-কুরতুবী এবং ইবনে আল-জাওযী (রহ.) উল্লেখ করেছেন। ইমাম আল-কুরতুবী এই শব্দের সকল অর্থ এবং প্রমাণসমূহ একত্রিত করেছেন।

'আসর' শব্দের অর্থের বৈচিত্র্যগুলো হলো: এটি দ্বারা যুগ বা কাল বোঝানো হয়েছে। আরও বলা হয়েছে এটি দিনের একটি বিশেষ মুহূর্ত। আরও বলা হয়েছে এটি দিন এবং রাত। কারো মতে এটি সকাল এবং সন্ধ্যা। কারো মতে এটি দিনের শেষ প্রহর অর্থাৎ, সূর্য ঢলে পড়া থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। আবার কারো মতে এটি সরাসরি আসরের সালাত।[1]

এই অর্থের বৈচিত্র্যটি কুরআনের বাচনভঙ্গির একটি চমৎকার দিক, যা সময়ের প্রতিটি ক্ষুদ্র অংশকে শামিল করে—যা আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত। আল্লাহ তায়ালা সময়ের এবং আসরের সালাতের শপথ করেছেন কোনো বিশেষ একটি অর্থকে নির্দিষ্ট না করে, যাতে এর সবকটি অর্থই অন্তর্ভুক্ত থাকে। এগুলো সবই আল্লাহর সৃষ্টি, আর মহান স্রষ্টা তাঁর সৃষ্টির যেকোনো কিছুর শপথ করতে পারেন। তবে মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নেই, কারণ অন্য কিছুর নামে শপথ করা শিরকের অন্তর্ভুক্ত।

আল্লাহ তায়ালা কিসের ওপর শপথ করছেন এবং তাঁর মহিমা প্রকাশের পর এসেছে শপথের মূল বিষয় (জওয়াবুল কসম): ﴾إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ﴿ “নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত” অর্থাৎ, মানবজাতি সামগ্রিকভাবে ধ্বংস, আজাব এবং জান্নাতের চিরস্থায়ী নেয়ামত হারানোর ক্ষতির সম্মুখীন। এই ঘোষণা মানুষকে অস্থির করে তোলে এবং পরবর্তী অংশ জানার জন্য আগ্রহী করে তোলে, যেখানে আল্লাহ সেই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটি গুণের অধিকারী ব্যক্তিদের ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেছেন।

আল্লাহ তায়ালা বলেন: ﴾إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ﴿ “কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, একে অপরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে উপদেশ দেয়“ আল্লাহ তায়ালা সেই মহা ক্ষতি থেকে বাঁচার জন্য চারটি গুণের অধিকারী ব্যক্তিদের ব্যতিক্রম হিসেবে ঘোষণা করেছেন। গুণগুলো হলো:

প্রথম গুণ হলো ঈমান: ﴾إِلَّا الَّذِينَ آمَنُوا﴿ “তারা ব্যতীত যারা ঈমান এনেছে”। এর অর্থ হলো অন্তরের অন্তস্তল থেকে বিশ্বাস স্থাপন করা। তারা ঈমানের সকল শর্ত ও হাকিকতকে কোনো ব্যতিক্রম ছাড়াই মনেপ্রাণে মেনে নেয়। তারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি, তাঁর রাসূলের (সা.) প্রতি, কুরআনের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, পুনরুত্থান, হিসাব-নিকাশ, প্রতিদান, জান্নাত-জাহান্নাম এবং আল্লাহর কিতাব ও রাসূলগণের প্রতি। ঈমানের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ের ওপর তাদের অবিচল আস্থা থাকে।

দ্বিতীয় গুণ হলো: ﴾وَعَمِلُوا الصَّالِحَاتِ﴿ “এবং সৎকর্ম করে”। এটি মূলত আল্লাহর আনুগত্যের মাধ্যমে তাঁর ইবাদত করাকে বোঝায়। নেক আমল হলো সেইসব কাজ যা আল্লাহ নির্দেশ দিয়েছেন। কারণ, আল্লাহ যা আদেশ করেছেন তার মধ্যেই রয়েছে সংশোধন ও কল্যাণের পূর্ণতা। আল্লাহর নির্ধারিত এই জীবনপদ্ধতিতে মিথ্যার কোনো স্থান নেই। এতে ইহকাল ও পরকালে ব্যক্তি ও সমাজের প্রকৃত সংশোধন ও সফলতা নিহিত।

আল্লাহ তাআলার বাণী: ﴾إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْ﴿ “ব্যতিক্রম তারা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে” এটি ঈমান (বিশ্বাস) এবং আল্লাহর বিধান অনুযায়ী তাঁর আনুগত্যের মাধ্যমে সম্পাদিত কাজের মধ্যে যে অবিচ্ছেদ্য ও শক্তিশালী সম্পর্ক রয়েছে, তা নির্দেশ করে। মহান আল্লাহ একটি অব্যয় (এবং/و) ব্যবহারের মাধ্যমে এই দুটি বিষয়কে একত্রিত করেছেন।

যারা ঈমান এনেছে, তারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাসের মাধ্যমে এবং আল্লাহর শরীয়ত যা নির্ধারণ করেছে তার মাধ্যমে তা করেছে। আর “সৎকর্ম সম্পাদন” বলতে আল্লাহর ফরয (আবশ্যিক), সুন্নাহ এবং অন্যান্য মুস্তাহাব (পছন্দনীয়) ইবাদতসমূহ পালনের মাধ্যমে তাঁর আদেশ পালন করাকে বোঝায়।

এর মাধ্যমে ঈমান ও সৎকর্ম একে অপরকে শক্তিশালী করে; কারণ তারা উভয়েই আনুগত্য এবং আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে অংশীদার। মহান আল্লাহ তাঁর দ্বীনের আমলগুলোকে “সালিহাত” বা সৎকর্ম হিসেবে অভিহিত করেছেন, কারণ আল্লাহ তাআলা যেসব কাজের আদেশ দিয়েছেন তার বৈশিষ্ট্যই হলো নিজের ভেতরে, আল্লাহর সাথে এবং অন্যের সাথে কল্যাণ ও সংশোধনের পথ প্রশস্ত করা। এতে আল্লাহর সমস্ত আদেশ প্রতিফলিত হয়।

এটি একটি সুনিশ্চিত ঘোষণা যে, আল্লাহর পথ ও পদ্ধতি থেকে সমস্ত বাতিল বা মিথ্যা দূর হয়ে গেছে এবং এতে ব্যক্তি ও সমাজের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাব্যস্ত হয়েছে। এই বাক্যটি তার অর্থ প্রকাশে অত্যন্ত গভীর এবং এর শব্দশৈলী অত্যন্ত সাবলীল ও অলংকারপূর্ণ। মাত্র তিনটি শব্দের এই অংশটি—﴾آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ﴿ “যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে”—আল্লাহর সমগ্র জীবনবিধানকে ধারণ করে আছে।

এই বর্ণনা মুমিনদের আনুগত্যে অবিচল থাকতে এবং আল্লাহ যা ভালোবাসেন ও যাতে সন্তুষ্ট হন, তা দ্রুত সম্পন্ন করতে উৎসাহিত করে। এটি তাঁর অনুগত বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান অনুগ্রহ। একইভাবে, এটি অবিশ্বাসীদের ইসলাম গ্রহণ করতে এবং আল্লাহর দ্বীনের অনুগত হতে অনুপ্রাণিত করে, যা তিনি তাঁর রাসূল মুহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ করেছেন।

তৃতীয় গুণ হলো: ﴾وَتَوَاصَوْا بِالْحَقِّ﴿ “তারা একে অপরকে হকের উপদেশ দেয়” এরা সেই সকল লোক যারা একে অপরকে দ্বীনের বিধান পালনের উপদেশ দেয়, যার শীর্ষে রয়েছে মহান কুরআন। কাতাদাহ (রহ.) বলেছেন: ‘আল-হক’ বা সত্য হলো আল্লাহর কিতাব।[2] সুতরাং তারা একে অপরকে আল্লাহর কিতাব এবং তাঁর রাসূল (সা.)-এর সুন্নাহ মেনে চলার উপদেশ দেয়। কারণ কুরআনে যা কিছু আছে সবই সত্য এবং দ্বীনের ওপর আমল করা মূলত সেই সত্যেরই প্রতিফলন।

যেমনটি আল্লাহ তাআলা সুরা আল-কলম-এ ইরশাদ করেছেন: ﴾وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ﴿ “এবং নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত।” ইবনে কাসীর (রহ.)-এর ব্যাখ্যা: আয়াতটির অর্থ হলো: আপনি একটি মহান দ্বীনের ওপর আছেন, আর তা হলো ইসলাম।[3] অর্থাৎ, রাসূল (সা.) তাঁর সকল আচরণ ও লেনদেনে কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন।

মা আয়েশা (রা.)-এর বর্ণনা: যখন উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-কে রাসূল (সা.)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন: “তোমরা কি কুরআন পড়ো না? নিশ্চয়ই আল্লাহর নবী (সা.)-এর চরিত্র ছিল আল-কুরআন।”[4]

ইবনে তাইমিয়া (রহ.)-এর বক্তব্য: আল্লাহ তাআলা মুহাম্মদ (সা.)-কে যে ‘মহান চরিত্র’ (আল-খুলুকুল আজিম) দ্বারা বর্ণনা করেছেন, তা হলো সেই ব্যাপক দ্বীন যা পালনের নির্দেশ আল্লাহ দিয়েছেন। মুজাহিদ (রহ.) এবং অন্যান্যদের মতে, এর অর্থ হলো ‘কুরআনের তাউইল’ বা কুরআনের বাস্তব প্রয়োগ। অর্থাৎ, কুরআন থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে, তিনি (সা.) তা অক্ষরে অক্ষরে পালন করতেন। যেমনটি আয়েশা (রাযি:) বলেছেন।[5]

চতুর্থ বৈশিষ্ট্য: ﴾وَتَوَاصَوْا بِالصَّبْرِ﴿ এটি সেইসব লোকদের গুণ যারা একে অপরকে আল্লাহর আনুগত্যে অবিচল থাকতে, পাপাচার থেকে বিরত থাকতে এবং ভাগ্যের কঠিন পরীক্ষায় ধৈর্য ধরতে ও বিচলিত না হতে উপদেশ দেন। এছাড়া মানুষের বিভিন্ন ভালো কাজে যে ধৈর্যের প্রয়োজন হয়—যেমন দান করা, হালাল পথে উপার্জন করা এবং অন্যান্য নেক আমল—সেক্ষেত্রেও তারা পরস্পরকে ধৈর্য ধারণের পরামর্শ দেন।

ধৈর্য (الصبر) : এটি হলো অস্থিরতা বা বিলাপ-এর বিপরীত। এর অর্থ হলো নফস বা মনকে অস্থির হওয়া থেকে আটকে রাখা।

তাসাব্বুর (التصبر): এর অর্থ হলো ধৈর্যের জন্য চেষ্টা করা বা নিজেকে ধৈর্য ধারণে অভ্যস্ত করা।[6]

ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়্যাহ (রহ.)-এর মতে: “ধৈর্য হলো একটি মহৎ চারিত্রিক গুণ, যা মানুষকে অসুন্দর ও অশোভন কাজ থেকে বিরত রাখে। এটি মনের এমন এক শক্তি যার মাধ্যমে আত্মার সংশোধন ও স্থিতি বজায় থাকে[7]।”

মুহূর্তের উত্তেজনায় বা রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রজ্ঞা ও ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করা মুমিনের বৈশিষ্ট্য। ধৈর্য মানুষকে নিম্নোক্ত বিষয়ে সাহায্য করে: কঠিন পরিস্থিতির মোকাবিলা করা, বিবেচনা ও ধীরস্থিরতার সাথে কাজ করা, রাগ থেকে দূরে থাকা (যা সম্পর্ক নষ্ট করে এবং লক্ষ্য অর্জনে বাধা দেয়, পরস্পরের সাথে সুন্দর ও জ্ঞানদীপ্ত আচরণ বজায় রাখা।


সবশেষে, আল্লাহর সাহায্য ও সঠিক পথ প্রদর্শনের জন্য তাঁর কাছে প্রার্থনা করা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন থেকে শিক্ষা নিয়ে ধৈর্য ও হকের পথে অবিচল থাকার গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে।

এই ঐশী নির্দেশনাগুলো এমন কিছু ভিত্তি ও স্তম্ভ প্রদান করেছে, যা সেই ব্যক্তির মেনে চলা উচিত যে নিজেকে সুস্পষ্ট ক্ষতি থেকে রক্ষা করতে চায়। আল্লাহ তাআলা তাদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ﴾إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ﴿ “কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ কাজ করে, একে অপরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে উপদেশ দেয়” এই মৌলিক ভিত্তিগুলো মেনে চলার মাধ্যমেই মানুষ আখেরাতের ক্ষতি থেকে দূরে থাকতে পারে। এই চারটি নিয়ম (ঈমান, আমল, সত্যের দাওয়াত ও ধৈর্য) মেনে চলার মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে প্রকৃত সফলতা অর্জিত হয়।

পবিত্র কোরআনের এই নির্দেশনাগুলো আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে: এই চারটি নিয়ম আল্লাহর পথে দাওয়াত এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতার মূল ভিত্তি। এটি মানুষের সাথে পারস্পরিক লেনদেন ও আচরণের সর্বোত্তম মানদণ্ড নিশ্চিত করে। এটি আত্মাকে ত্রুটিমুক্ত করে পবিত্র করে এবং আল্লাহর আনুগত্য ও নির্দেশ পালনে উৎসাহিত করে। এটি মহৎ চারিত্রিক গুণাবলী অর্জনে এবং কুরআন ও সুন্নাহর সঠিক পথ অনুসরণে সাহায্য করে, যার মাধ্যমে চূড়ান্ত বিজয় ও সফলতা আসে।

আমি আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে সুরা আল-আসর-এর ব্যাখ্যা সম্পন্ন করার তাওফিক দিয়েছেন। হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ; আমাদের ক্ষমা করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবার ও সকল সঙ্গীদের ওপর।


ফুটনোট:

[1] কুরতুবী, আল-জামিঈ লীআহকামিল কুরআন ২০/১২২

[2] আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৫৯৮

[3] ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল আযীম ৪/৪২৯

[4] সহীহ মুসলিম ৭৪৬

[5] ইবনে তাইমিয়াহ, মাজমুউর রাসায়েল কুবরা ১/২৩৪

[6] ইবনুল মানযুর, লিসানুল আরব ৪/৪৩৮-৪৩৯

[7] ইবনুল কয়্যিম আল-জাওযিয়্যাহ, ইদ্দাতুসসবিরীন ১৬