মাক্কী Makki مَكِّيّ · ৩০ আয়াত · ৮৯

আল-ফাজর

الفجر

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

وَٱلۡفَجۡرِ ١ وَلَيَالٍ عَشۡرٖ ٢ وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ٣ وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ ٤ هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ ٥ أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٦ إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ ٧ ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ ٨ وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ ٩ وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ ١٠ ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ ١١ فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ ١٢ فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ١٣ إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤ (سورة الفجر: 1–14)

সূরা আল-ফজর এর শিক্ষা ও তাৎপর্য

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি


সূরা আল-ফজর মহান আল্লাহর নেওয়া কিছু শপথের মাধ্যমে শুরু হয়েছে, যা তাঁর মহান ক্ষমতা, নিপুণ কারুকার্য এবং সময় ও ইবাদত নির্ধারণের প্রজ্ঞাকে ফুটিয়ে তোলে। মহান আল্লাহ বলেন: ﴾وَٱلْفَجْرِ﴿ “শপথ ভোরের”। আল্লাহ তাআলা ভোরের সময়ের শপথ করেছেন, যা রাতের অন্ধকারের বিলুপ্তি এবং দিনের আলো প্রবেশের মুহূর্ত। এই শপথের মাধ্যমে আল্লাহ সেই সূক্ষ্ম বিভাজনের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন যা অত্যন্ত শান্তভাবে ঘটে, এবং যা তাঁর প্রজ্ঞা ও মহান ক্ষমতার পরিচায়ক। এতে ফজর সালাতের সময়ের গুরুত্ব এবং রাত ও দিনের সন্ধিক্ষণের মাহাত্ম্যের দিকেও ইঙ্গিত রয়েছে।

এরপর এই মহান শপথের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় একটি শপথ করেছেন। আল্লাহ বলেন: ﴾وَلَيَالٍ عَشْرٍ﴿ “এবং দশ রাতের শপথ”। এগুলো হলো জিলহজ মাসের প্রথম দশ রাত। ইবনে আব্বাস (রা.) বলেন: আল্লাহ যে দশ রাতের শপথ করেছেন, সেগুলো হলো জিলহজ মাসের প্রথম দশ রাত[1]; যা বছরের অন্যান্য রাতের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ এবং এতেই কোরবানির রাত বিদ্যমান। ইমাম কুরতুবী (রহ.) বলেন: এই রাতগুলোকে অনির্দিষ্টভাবে (নাকেরা) উল্লেখ করা হয়েছে এদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য।[2] এটি প্রমাণ করে যে, আল্লাহ তাঁর ইচ্ছানুযায়ী যেকোনো সময়, স্থান বা ব্যক্তিকে সম্মানিত করেন; তাঁর এই নির্বাচন ও সম্মানের বিষয়ে কারও আপত্তি করার অধিকার নেই।

এরপর আল্লাহ তৃতীয় ও চতুর্থ শপথ করেছেন: যা জোড় অথবা যা একক বা বেজোড়। আল্লাহ বলেন: ﴾وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ﴿ “এবং জোড় ও বেজোড়ের শপথ”। الشفع “জোড়” হলো যা অন্য কিছুর সাথে যুক্ত থাকে, আর الوتر “বেজোর” হলো যা একক। ইমাম শাওকানী (রহ.) বলেন: জোড় ও বেজোড় বলতে সমস্ত সৃষ্টিজগতকে বোঝানো হয়েছে।[3] কেউ কেউ বলেছেন: الشفع হলো ফজরের নামাজ আর الوتر হলো মাগরিবের নামাজ। আবার কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন। তবে আয়াতের প্রেক্ষাপট সাধারণভাবে জোড় ও বেজোড় সব কিছুকেই অন্তর্ভুক্ত করে, যাতে শপথের মাহাত্ম্য ফুটে ওঠে।

এরপর আল্লাহ পঞ্চম শপথ হিসেবে বলেন: ﴾وَٱلَّيْلِ إِذَا يَسْرِ﴿ “এবং রাতের শপথ যখন তা অতিবাহিত হয়”। অর্থাৎ, রাত যখন চলে যায় বা শেষ হয়ে যায়। অধিকাংশ মুফাসসিরের মতে এর অর্থ হলো রাতের প্রস্থান।[4] এটি কোরআনের অলঙ্কারশাস্ত্রের এক অনন্য নিদর্শন যা রাতের আসা এবং যাওয়া—উভয় অবস্থাকেই মহিমান্বিত করে এবং আল্লাহর কাঙ্ক্ষিত উদ্দেশ্যকে পূর্ণ করে।

অতঃপর মহান আল্লাহ এই শপথগুলোর গুরুত্ব বিবেকবানদের কাছে তুলে ধরে বলেন: ﴾هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ﴿ “এর মধ্যে কি বিবেকবানের জন্য যথেষ্ট শপথ আছে?”। অর্থাৎ, আল্লাহর নেওয়া এই শপথগুলোর মধ্যে কি তাঁর একত্ববাদ এবং সৃষ্টির নিপুণতার পর্যাপ্ত প্রমাণ নেই? এখানে ﴾لِّذِى حِجْرٍ﴿ অর্থ হলো বিবেক বা আকল। বিবেককে ‘হিজর’ বলা হয় কারণ এটি মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। এই প্রশ্নটি মানুষকে স্বীকারোক্তি দেওয়ার জন্য করা হয়েছে; যেন তারা আল্লাহর একত্ববাদ স্বীকার করে, তাঁর আনুগত্য করে এবং রাসুল (সা.)-এর আদেশ মেনে চলে। ইমাম ইবনে আশুর (রহ.) বলেন: এখানে ﴾قَسَمٌ﴿ “শপথ” শব্দটি অনির্দিষ্টভাবে ব্যবহারের উদ্দেশ্য হলো এর বিশালত্ব ও গুরুত্ব প্রকাশ করা।[5] এতে তাদের জন্য এক প্রকার তিরস্কার রয়েছে যারা আল্লাহর এই নিদর্শন নিয়ে চিন্তা করার জন্য নিজের বিবেককে ব্যবহার করে না।

অতঃপর আল্লাহ তাআলা শপথের মাধ্যমে যা উল্লেখ করা হয়েছে তা সংবাদ দেওয়ার পর জানান যে, এতে বুদ্ধিমানদের জন্য যথেষ্ট শিক্ষণীয় নিদর্শন রয়েছে। যেন তারা এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করে এবং আল্লাহর একত্ববাদ ও আনুগত্যের স্বীকৃতি দেয়। পাশাপাশি তাঁর রাসূল (সা.) যা আদেশ করেছেন তা পালন করে এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে।


এরপর মহান আল্লাহ পূর্ববর্তী যেসকল জাতি তাদের রাসূলদের অস্বীকার করেছিল, তাদের পরিণতি বর্ণনার মাধ্যমে মিথ্যার স্বরূপ তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন: ﴾أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ﴿ “তুমি কি দেখনি তোমার প্রতিপালক আ’দ বংশের সাথে কী আচরণ করেছিলেন?” অর্থাৎ, হে সম্বোধনকারী! তুমি কি তোমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখনি যে, তোমার প্রতিপালক কীভাবে আ’দ জাতিকে ধ্বংস করেছেন? তারা ছিল সেই অবাধ্য জাতি যারা আল্লাহর আয়াত ও তাঁর প্রমাণাদিকে অস্বীকার করেছিল।

কুরআনের এই বর্ণনাটি মূলত প্রশ্নবোধক শৈলীর মাধ্যমে মানুষের মনোযোগ আকর্ষণ করে শুরু হয়েছে, যা তাদের প্রকৃত অবস্থা এবং জেদকে ফুটিয়ে তোলে। আল্লাহ বলেন: ﴾أَلَمْ تَرَ﴿ “তুমি কি দেখনি?” এটি এমন এক প্রশ্ন যা নিন্দা ও তিরস্কারের জন্য ব্যবহৃত। এর উদ্দেশ্য হলো— যারা অন্যদের করুণ দশা দেখেও শিক্ষা নেয়নি, তাদের প্রতি বিস্ময় প্রকাশ করা এবং তাদের কুফরি আচরণের নিন্দা জানানো।

এরপর আল্লাহ তাআলা সেই জাতির বর্ণনা দিয়ে বলেন: ﴾إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ﴿ “ইরাম গোত্র, যারা দীর্ঘ সুউচ্চ স্তম্ভের অধিকারী ছিল।” তারা তাদের সুউচ্চ ও বিশাল অট্টালিকার জন্য সুপরিচিত ছিল, যা তাদের শারীরিক দৈর্ঘ্য ও শক্তির পরিচায়ক। তারা ছিল আ’দ জাতি যারা আরবের দক্ষিণাঞ্চলে ‘আহকাফ’ নামক স্থানে বসবাস করত। ইবনে কাসীর (রহ.) বলেন: এরা হলো আ’দ-এর প্রথম প্রজন্ম। তারা হলো আ’দ বিন ইরাম বিন আউস বিন সাম বিন নূহ। তাদের নিকট আল্লাহ তাআলা তাঁর রাসূল হুদ (আ.)-কে পাঠিয়েছিলেন। কিন্তু তারা তাঁকে অস্বীকার ও অমান্য করে। ফলে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে হুদ (আ.) ও তাঁর ওপর ঈমান আনয়নকারীদের রক্ষা করেন এবং অবাধ্যদের এক প্রবল ঘূর্ণিঝড়ের মাধ্যমে ধ্বংস করে দেন।[6]

আয়াতটিতে ﴾إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ﴿ “ইরাম গোত্র, যারা দীর্ঘ সুউচ্চ স্তম্ভের অধিকারী ছিল।” বলার মাধ্যমে তাদের এমন সব বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে যার জন্য তারা বিখ্যাত ছিল। তাফসীরবিদগণ এ বিষয়ে বিভিন্ন মত দিয়েছেন: প্রথমত, তারা ছিল দীর্ঘদেহী মানুষ। দ্বিতীয়ত, তারা অত্যন্ত শক্তিশালী ছিল। তৃতীয়ত, তারা বিশাল স্তম্ভবিশিষ্ট স্থাপত্য নির্মাণে দক্ষ ছিল।[7] ইবনে আশুর (রহ.) বলেন: ‘আল-ইমাদ’ বলতে দীর্ঘ খুঁটিকে বোঝায় যা মাটিতে গেঁথে তার ওপর তাঁবু বা ঘর তৈরি করা হতো।[8] সুতরাং ‘সুউচ্চ স্তম্ভের অধিকারী’ কথাটির অর্থ শারীরিক উচ্চতা, শক্তি এবং সুউচ্চ অট্টালিকা—সবগুলোকেই অন্তর্ভুক্ত করে। ইমাম কুরতুবী (রহ.) উল্লেখ করেছেন যে, তারা যাযাবর অবস্থায় বিশাল ও মজবুত তাঁবু ব্যবহার করত যা দীর্ঘ স্তম্ভের ওপর স্থাপিত হতো এবং তারা চারণভূমির সন্ধানে ঘুরে বেড়াত। সবশেষে তারা আবার তাদের সুদৃঢ় আবাসে ফিরে আসত। তাই এই বর্ণনায় তাদের সকল বিশেষত্বই ফুটে উঠেছে।[9] কুরআনের এই অলঙ্কারিক প্রকাশভঙ্গি অত্যন্ত চমৎকার যে, এটি একটি মাত্র শব্দ বা প্রসঙ্গের মাধ্যমে অনেকগুলো অর্থকে একসাথে ধারণ করে, যা পুনরাবৃত্তির প্রয়োজন ছাড়াই উদ্দেশ্য পূরণ করে। এটিই কুরআনের অলৌকিকতা (ইজায) যা প্রমাণ করে যে এটি মহান আল্লাহর বাণী।

অতঃপর আল্লাহ তাআলা তাদের বর্ণনা শেষ করেন এই বলেন: ﴾ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ﴿ “যাদের সমতুল্য কোনো জাতি পৃথিবীতে সৃজিত হয়নি।” অর্থাৎ শক্তি, বিশালতা এবং স্থাপত্যশৈলীর দিক থেকে তাদের মতো আর কোনো জাতি পূর্বে তৈরি হয়নি। যদিও তারা অত্যন্ত শক্তিশালী ছিল, তবুও আল্লাহর আযাব যখন আসল তখন তাদের সেই শক্তি কোনো কাজে আসেনি এবং তারা ধ্বংস হয়ে গেল। আর এটি মানুষের জন্য একটি বড় উপদেশ ও সতর্কবাণী, যা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গিয়েছিল যেন তারা শিক্ষা নিতে পারে।


অতঃপর আল্লাহ তাআলার উপদেশমূলক বর্ণনা সামুদ জাতির প্রসঙ্গের দিকে ধাবিত হয়। মহান আল্লাহ তাদের সম্পর্কে বলেন: ﴾وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ﴿ “এবং সামুদ জাতি, যারা উপত্যকায় পাথর কেটে (গৃহ নির্মাণ) করেছিল।” অর্থাৎ, তারা ছিল সালেহ (আলাইহিস সালাম)-এর সম্প্রদায়। তারা পাহাড়ের পাথর কেটে তা সরিয়ে বিশাল উন্মুক্ত প্রান্তর তৈরি করত যা পাহাড়বেষ্টিত থাকতো। সূরা আশ-শুআরা-তে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন: ﴾وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا فَٰرِهِينَ﴿ “এবং তোমরা পাহাড় কেটে অত্যন্ত নিপুণভাবে ঘর তৈরি করতে।” আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামর্থ্য দিয়েছিলেন যাতে তোমরা পাহাড়ের পাদদেশে নিজেদের বাসস্থান তৈরি করতে পার। মুজাহিদ (রহ.) বলেন: তারা পাহাড়ের বুক চিরে পাথর বের করে ঘর তৈরি করত।[10] এটি ছিল তাদের শক্তি, বুদ্ধিমত্তা এবং পাহাড় খোদাই করে ঘর বানানোর সক্ষমতার প্রমাণ। কিন্তু এত শক্তি ও কঠোরতা থাকা সত্ত্বেও আল্লাহ তাদের কুফরির কারণে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং হে মানুষ, তোমরা শিক্ষা গ্রহণ করো, কারণ এটিই তোমাদের জন্য উত্তম। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সতর্কবার্তা, যা পূর্ববর্তী জাতিগুলোর ঘটনাবলির মাধ্যমে দেওয়া হয়েছে, যা থেকে উপদেশের গুরুত্ব ফুটে ওঠে।

এরপর আল্লাহ তাআলার উপদেশমূলক বর্ণনা ফেরাউনের কাহিনীর দিকে মোড় নেয়। মহান আল্লাহ বলেন: ﴾وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ﴿ “এবং ফেরাউন, যে ছিল কীলকের (সেনাবাহিনীর) অধিকারী।” অর্থাৎ, সে ছিল বিশাল শক্তিশালী সেনাবাহিনীর মালিক, যারা তার রাজত্বের খুঁটি হিসেবে কাজ করত (যেমন তাঁবু খুঁটির মাধ্যমে টিকে থাকে)। তারা ছিল পাহাড়ের মতো অটল ও বিশাল। কিন্তু তারা সীমালঙ্ঘন করেছিল। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন: ﴾ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ﴿ “যারা জনপদসমূহে সীমালঙ্ঘন করেছিল।” অর্থাৎ, তারা মুসা (আলাইহিস সালাম) নিয়ে আসা সত্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং বনী ইসরায়েলের ওপর জুলুম করেছিল। তারা তাদের পুত্রসন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। তারা কেবল অবাধ্যই ছিল না, বরং ﴾فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ﴿ “সেখানে তারা ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছিল।” অর্থাৎ, তারা সব ধরনের জুলুম, কষ্টদান, হত্যা ও অত্যাচারে লিপ্ত ছিল। ফলে তাদের এই সীমালঙ্ঘনই তাদের ওপর শাস্তির কারণ হয়ে দাঁড়ায়।

বর্ণনার সূক্ষ্মতা থেকে বোঝা যায় যে, যখন সীমালঙ্ঘন ও বিপর্যয় সর্বত্র ছড়িয়ে পড়েছিল, ফেরাউন ও তার সম্প্রদায় মুসা (আলাইহিস সালাম) এবং মুমিনদের তাড়া করতে করতে এমন পর্যায়ে পৌঁছল যে আল্লাহ তাদের সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করলেন। এটি থেকে প্রমাণিত হয় যে, তোমরা (মক্কার কুরাইশরা) তাদের চেয়ে বেশি শক্তিশালী নও। আল্লাহ তাদের সাগরে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে মারলেন। সুতরাং হে মানুষ, অন্যদের পরিণতি দেখে শিক্ষা নাও। এটি একটি উপদেশ যাতে তোমরা মহান আল্লাহর আনুগত্য করো এবং তাঁর রাসূল মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অনুসরণ করো।

এরপর আল্লাহ তাঁর মহিমা ও শাস্তির কথা উল্লেখ করেন যে, সেই জাতিগুলোর শক্তি থাকা সত্ত্বেও তাদের কোনো কাজে আসেনি। আল্লাহ বলেন: ﴾فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ﴿ “অতঃপর তোমার প্রতিপালক তাদের ওপর শাস্তির কশাঘাত বর্ষণ করলেন।” অর্থাৎ, তাদের ওপর শাস্তির একটি অংশ আপতিত হলো। আল-ফাররা (রহ.) বলেন: আরবরা যেকোনো প্রকার শাস্তিকে ‘সাওত’ বা কশাঘাত বলে থাকে।[11] এটি শাস্তির তীব্রতা, দেহের ওপর এর প্রভাব এবং এর দ্রুততা ও আকস্মিকতাকে নির্দেশ করে।

এরপর সতর্কবাণী আরও জোরালো হয়। আল্লাহ বলেন: ﴾إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ﴿ “নিশ্চয় তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টি রাখছেন।” অর্থাৎ, তাঁর সার্বভৌম ক্ষমতা ও রাজত্ব অসীম। যারা তাঁর অবাধ্য হয় তিনি তাদের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছেন এবং তাদের কর্মফল অনুযায়ী তিনি তাদের কঠিনতম শাস্তি দেবেন। অতঃপর আল্লাহ নির্দিষ্ট করে সম্বোধন করেন: ﴾إِنَّ رَبَّكَ﴿ “নিশ্চয় তোমার প্রতিপালক (হে মুহাম্মদ)...” অর্থাৎ, যে আল্লাহ পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করেছেন, তিনি মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এরও প্রতিপালক। যারা রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করছে, এটি তাদের জন্য একটি সতর্কবাণী ও ভয় প্রদর্শন। যে আল্লাহ পূর্ববর্তী জাতিগুলোর সাথে এমন আচরণ করেছেন, তিনি এদেরও একই শাস্তি দিতে সক্ষম। যারা রাসূলের বিরোধিতা করছে তাদের জন্য এটি কঠোর হুঁশিয়ারি। হে আল্লাহর বান্দারা, তোমরা শিক্ষা গ্রহণ করো যাতে তোমাদের পরকাল সুন্দর হয়। এই কঠোর উপদেশ মূলত আল্লাহর দয়া ও করুণা, যাতে মানুষ তওবা করে সঠিক পথে ফিরে আসে এবং জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারে।


فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ ١٥ وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ ١٦ كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ ١٧ وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ١٨ وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا ١٩ وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا ٢٠ كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا ٢١ وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا ٢٢ وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ ٢٣ يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ٢٤ فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ ٢٥ وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ ٢٦ يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ٢٧ ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ ٢٨ فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ٢٩ وَٱدۡخُلِي جَنَّتِي ٣٠ (سورة الفجر: 15–30)


পূর্ববর্তী আলোচনায় আল্লাহ তাআলা সেই সকল কাফের জাতির বর্ণনা দিয়েছেন যারা আল্লাহর কঠিন শাস্তির শিকার হয়েছিল। এরপর মহান আল্লাহ মানুষের স্বভাবজাত প্রকৃতি বিশ্লেষণ করেছেন যাতে মানুষ নিজের অবস্থা সম্পর্কে সচেতন হতে পারে। আল্লাহ তাআলা তাকে যেভাবে পথপ্রদর্শন করেছেন সে অনুযায়ী মানুষের অবস্থার সংশোধন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন: ﴾فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ﴿ “মানুষের অবস্থা তো এই যে, তার পালনকর্তা যখন তাকে পরীক্ষা করেন এবং তাকে সম্মান ও নেয়ামত দান করেন, তখন সে বলে, 'আমার পালনকর্তা আমাকে সম্মানিত করেছেন”। অর্থাৎ, মানুষকে যখন প্রাচুর্য দিয়ে পরীক্ষা করা হয় এবং তাকে প্রশস্ততা ও নেয়ামত দান করা হয়, তখন সে বিশ্বাস করতে শুরু করে যে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং সম্মানিত। মানুষ এই প্রাচুর্য ও দানকে তার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দলিল হিসেবে গ্রহণ করে। অথচ বিষয়টি তেমন নয় যেমনটা মানুষ ধারণা করে। আল্লাহ বলেন: ﴾فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ﴿ “যখন তাকে পরীক্ষা করেন”—অর্থাৎ এটি একটি পরীক্ষা। প্রাচুর্য দেওয়া মানেই আল্লাহর ভালোবাসা নয়, বরং মানুষের রিযিক নির্ধারণ করা এবং তা কমিয়ে দেওয়া—উভয়ই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই বর্ণনার উদ্দেশ্য হলো মানুষের ভুল ধারণা সংশোধন করা; যাতে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, তাঁর আদেশ পালন করে, ইয়াতীমকে সম্মান করে এবং অভাবী মানুষের প্রতি দয়া প্রদর্শন করে।

এরপর আল্লাহ তাআলা অভাব ও সংকীর্ণতার সময় মানুষের অন্য এক আচরণের কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন: ﴾وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ﴿ “আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার রিযিক সংকুচিত করে দেন, তখন সে বলে, 'আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।” অর্থাৎ, যখন তাকে অভাব দিয়ে পরীক্ষা করা হয় এবং রিযিক কমিয়ে দেওয়া হয়, তখন সে মনে করে এটি তাকে অপমান করার জন্য করা হয়েছে। অথচ আল্লাহ কারো রিযিক কমিয়ে দেওয়া মানেই তাকে অপমান করা নয়। প্রকৃত বাস্তবতা হলো, আল্লাহ তাঁর অনেক প্রিয় বান্দাদেরও রিযিক কমিয়ে দেন, আবার অনেক অবাধ্য জালেমদের রিযিক বাড়িয়ে দেন। এটি মূলত একটি পরীক্ষা। এর উদ্দেশ্য হলো মানুষ যেন তার অবস্থায় ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকে। ধনী যেন অহংকার না করে এবং দরিদ্র যেন তুচ্ছতাচ্ছিল্যের শিকার না হয়। আল্লাহ তাঁর প্রজ্ঞা অনুযায়ী রিযিক বণ্টন করেন।

অতঃপর আল্লাহ মানুষের সেই ভুল ধারণা খণ্ডন করে বলেন: ﴾لَّا بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ﴿ “কখনোই নয়, বরং তোমরা ইয়াতীমকে সম্মান করো না।”অর্থাৎ বিষয়টি এমন নয় যেমনটা তোমরা ধারণা করো। হে মানুষ! সমস্যা তোমাদের আচরণে। তোমাদের হাতে ধন-সম্পদ থাকা সত্ত্বেও তোমরা সেই পিতৃহীন ইয়াতীম শিশুকে সম্মান করো না, তাকে সাহায্য করো না এবং তার যত্ন নাও না। এটি ইয়াতীমের প্রতি যত্নবান হওয়ার গুরুত্ব এবং তাদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে। এরপর আল্লাহ মানুষের আরেকটি ত্রুটির কথা উল্লেখ করেছেন: ﴾وَلَا تَحَٰضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ﴿ “এবং তোমরা মিসকীনকে অন্নদানে একে অপরকে উৎসাহিত করো না”। অর্থাৎ, তোমরা একে অপরকে অভাবী ও দরিদ্রদের অন্নদানের জন্য অনুপ্রাণিত করো না। এরপর মানুষের সম্পদের প্রতি লোভের কথা উল্লেখ করে আল্লাহ বলেন: ﴾وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا﴿ “এবং তোমরা উত্তরাধিকারের সম্পদ পূর্ণরূপে গ্রাস করে ফেলো”। তারা উত্তরাধিকারের সম্পদ প্রবল লালসার সাথে ভক্ষণ করে। তারা তোয়াক্কা করে না যে এই সম্পদ হালাল নাকি হারাম। তারা ইয়াতীম ও নারীদের সম্পদ অত্যন্ত লোভের সাথে গ্রাস করে। ইমাম ইবনে কুতাইবা (রহ.) বলেন: ﴾ٱلتُّرَاثَ﴿ মানে হলো উত্তরাধিকার। আর ﴾لَّمًّا﴿ শব্দের অর্থ হলো যা কিছু পাওয়া যায় তার সব একত্রিত করে ফেলা। ইমাম যাজ্জাজ (রহ.) বলেন: এর অর্থ হলো ইয়াতীমের সম্পদ গ্রাস করা।[12] এটি মানুষের জন্য একটি সতর্কবার্তা এবং মানুষের আত্মিক সংশোধন ও কর্মের সঠিক পথ নির্দেশ করে।

মানুষের সম্পদের প্রতি গভীর আসক্তির বর্ণনা দিয়ে আল্লাহ বলেন: ﴾وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا﴿ “এবং তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালোবাসো।” এখানে ﴾حُبًّا جَمًّا﴿ অর্থ হলো প্রচুর। মানুষ সম্পদকে অত্যন্ত বেশি ভালোবাসে। সে সম্পদ অর্জনে সীমা ছাড়িয়ে যায় এবং যেকোনো উপায়ে তা লাভের চেষ্টা করে। এটি মানুষের জন্য একটি কঠোর সতর্কবার্তা যেন সে মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য এবং শরীয়তের সীমারেখা সম্পর্কে সচেতন হয়। আল্লাহর প্রতি আশা এবং পরকালের ভয়ই মানুষের আচরণ ও লেনদেনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এটি মানুষের ওপর আল্লাহর শরীয়তের মহত্ব এবং ঈমানের প্রভাব তুলে ধরে। আল্লাহর কাছে আমরা তাঁর সন্তুষ্টি এবং সঠিক পথে চলার তাওফিক কামনা করি।


অতঃপর আল্লাহ তাআলা তাঁর দ্বীন ও শরীয়ত বিরোধী সেই অমানবিক আচরণগুলো থেকে ধমক দিচ্ছেন এবং সতর্ক করছেন যা ইতিপূর্বে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন: ﴾كَلَّا إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا﴿ “কখনই না, যখন পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হয়ে সমতল হয়ে যাবে।” অর্থাৎ, বিষয়টি তোমাদের মনের ধারণার মতো নয় যে, অধিকার ও কর্তব্যের তোয়াক্কা করা হবে না। বরং তোমাদের সামনে কিয়ামতের দিন রয়েছে, যখন পৃথিবী ও পাহাড়সমূহকে এমনভাবে চূর্ণ-বিচূর্ণ করা হবে যে তা সম্পূর্ণ সমতল ও মসৃণ হয়ে যাবে, যাতে কোনো বক্রতা থাকবে না। তখন মানুষ হিসাব ও প্রতিদানের জন্য তাদের কবর থেকে উঠে দাঁড়াবে।

এই বর্ণনাটি ﴾كَلَّا﴿ “কখনই না” শব্দ দিয়ে শুরু হয়েছে, যা নির্দেশ করে যে—তোমাদের দুনিয়ার প্রতি লোভ, এতিমদের সম্মান না করা, মিসকিনদের খাবার দিতে উৎসাহিত না করা এবং অন্যের মিরাস বা উত্তরাধিকার গ্রাস করার বিষয়টি সঠিক নয়। এরপর আল্লাহ পরকালের ভয়াবহতা এবং পৃথিবীর পরিবর্তনের মাধ্যমে সতর্ক করেছেন।

আল্লাহ বলেছেন: ﴾إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا﴿ “যখন পৃথিবীকে চূর্ণ-বিচূর্ণ করে সমান করে দেওয়া হবে।” এর অর্থ হলো দুনিয়ার পথ ও পদ্ধতি পরিহার করা। কারণ কিয়ামত কায়েম হলে দুনিয়ার সুযোগ হারিয়ে যাবে। তখন অনুশোচনা করতে হবে যে কেন আল্লাহর আনুগত্য ও এতিম-মিসকিনদের সেবায় অর্থ ব্যয় করা হয়নি। আল্লাহ কিয়ামত দিবসের পৃথিবীর অবস্থার কথা উল্লেখ করেছেন যে, এটি বারবার কম্পন ও চূর্ণ হওয়ার মাধ্যমে তার ওপরের সমস্ত উঁচু স্থাপনা ও পাহাড় ধুলোয় মিশিয়ে সমতল হয়ে যাবে।

বর্ণনাটি অত্যন্ত জোরালোভাবে এসেছে, যেখানে একই শব্দ তিনবার ব্যবহার করা হয়েছে। প্রথমত: ﴾إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ﴿ “যখন পৃথিবী চূর্ণ করা হবে”। দ্বিতীয় ও তৃতীয়বার ﴾دَكًّا دَكًّا﴿ “চূর্ণ-বিচূর্ণ” শব্দটি ব্যবহারের মাধ্যমে এর ভয়াবহতা এবং জমিন পুরোপুরি সমান হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটি একটি কঠোর সতর্কবার্তা যা আল্লাহর আনুগত্য এবং তাঁর রাসূলের অনুসরণের আবশ্যকতা ফুটিয়ে তোলে।

এরপর আল্লাহ তাআলা কিয়ামত দিবসের দৃশ্য বর্ণনা করে বলেন: ﴾وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا﴿ “এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন।” অর্থাৎ যখন পৃথিবী ও পাহাড় চূর্ণ হয়ে যাবে, তখন আপনার রব তাঁর বান্দাদের বিচার করার জন্য মেঘমালার ছায়াতলে উপস্থিত হবেন এবং তাঁর সাথে ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবেন। যেমনটি সূরা বাকারায় বলা হয়েছে: ﴾هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن يَأْتِيَهُمُ ٱللَّهُ فِى ظُلَلٍۢ مِّنَ ٱلْغَمَامِ وَٱلْمَلَـٰٓئِكَةُ وَقُضِىَ ٱلْأَمْرُ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ﴿ “তারা কি শুধু এরই অপেক্ষা করছে যে, মেঘমালার ছায়াতলে আল্লাহ ও ফেরেশতাগণ তাদের সামনে উপস্থিত হবেন?”


অতঃপর আল্লাহ তাআলা জাহান্নাম ও তার আতঙ্কের কথা বর্ণনা করেছেন। তিনি বলেন: ﴾وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍۢ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ﴿ “সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ (তার কৃতকর্ম) স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কী উপকারে আসবে?” কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে সামনে নিয়ে আসবেন, যা ফেরেশতারা টেনে আনবেন। তখন মানুষ দুনিয়াতে তার করা ভালো-মন্দ এবং সত্য-মিথ্যা সব কাজের কথা মনে করবে। কিন্তু আল্লাহ বলছেন: “সেই স্মরণ তার কী কাজে আসবে?” কারণ তখন ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই অনুশোচনা কাফেরদের জন্য তাদের মিথ্যাচারের কারণে এবং পাপিষ্ঠদের জন্য তাদের অবহেলার কারণে হবে। কিন্তু সেই সময়ে স্মরণ করে কোনো লাভ হবে না। তাই দুনিয়াতেই নিজের নফসকে সংশোধন করে শিক্ষা গ্রহণ করা উচিত, পরকালের সেই কঠিন মুহূর্ত আসার আগেই।

কিয়ামতের দিন মানুষ তার আখেরাতের জন্য কিছু না পাঠাতে পেরে আক্ষেপ করে বলবে: ﴾يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى﴿ “হায়! আমি যদি আমার এই জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম!” তখন মানুষ হাহাকার করে বলবে, হায় আমি যদি আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমার পরকালীন জীবনের জন্য কল্যাণকর কিছু করতাম। এখানে আখেরাতের জীবনকেই সে 'আসল জীবন' হিসেবে গণ্য করবে। সে বলবে: ﴾قَدَّمْتُ لِحَيَاتِى﴿ “আমার এই জীবনের জন্য”, যা প্রমাণ করে আখেরাতই চিরস্থায়ী জীবন। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য এক মহান উপদেশ, যাতে তারা পরকালকে চোখের সামনে দেখতে পায় এবং সময় থাকতে সংশোধন হয়।

পরিশেষে আল্লাহ তাআলা পরকালের আজাবের কঠোরতা বর্ণনা করে বলেন: ﴾فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ﴿ “সেদিন তাঁর শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না।” অর্থাৎ যারা আল্লাহর অবাধ্য হয়েছে এবং আখেরাতকে অবহেলা করেছে, সেদিন তাদের জন্য যে শাস্তি হবে তা অতুলনীয়। এরপর অবাধ্যদের বন্দী অবস্থার বর্ণনা দিয়ে বলেন: ﴾وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ﴿ “এবং তাঁর সজোরে বাঁধার মতো কেউ বাঁধতে পারবে না।” অর্থাৎ কাফেরদের সেদিন আগুনের শিকল দিয়ে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা হবে, যেখান থেকে মুক্তির কোনো পথ থাকবে না। এটি অপরাধীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি চূড়ান্ত সতর্কবার্তা।


অতঃপর মহান আল্লাহর এই পবিত্র বর্ণনা ঈমানদারদের অবস্থার বর্ণনার দিকে স্থানান্তরিত হয়। আল্লাহ তাআলা বলেন: ﴾يَٰأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ﴿ “হে প্রশান্ত আত্মা!”। হে সেই আত্মা যা প্রশান্তি লাভ করেছে, স্থির হয়েছে এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে; ফলে সে নিশ্চিত হয়েছে যে আল্লাহ তাআলার আজাব তাকে স্পর্শ করবে না এবং দুনিয়ার জীবনে সে যা পেশ করেছে (সৎকর্ম) তার কারণে সে কোনো অকল্যাণের শিকার হবে না। ﴾ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً﴿ “তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।” হে আত্মা, তুমি তোমার রবের সম্মান ও সওয়াবের দিকে ফিরে এসো। আর তুমি ﴾رَاضِيَةً﴿ “সন্তুষ্ট”; অর্থাৎ নিজের সত্তায় তুমি যা লাভ করেছ এবং যে চিরস্থায়ী নেয়ামত পেয়েছ তাতে তুমি তৃপ্ত। একইভাবে তুমি ﴾مَّرْضِيَّةً﴿ “সন্তোষভাজন”; কারণ তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। ফলে তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমাকে যা দান করেছেন তাতে তুমি সন্তুষ্ট।

এই পবিত্র বর্ণনার সূক্ষ্ম বৈচিত্র্য ও মাহাত্ম্যের মধ্যে একটি হলো—প্রশান্ত আত্মাদের সাথে কথার সূচনা করা হয়েছে সম্বোধনের মাধ্যমে: ﴾يَٰأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ﴿ “হে প্রশান্ত আত্মা!”। এই আহ্বানটি তার অর্থগত দিক থেকে অভ্যর্থনা ও অভয়বাণী বহন করে। এর মধ্যে সম্বোধিত ব্যক্তিদের ‘প্রশান্তি’র গুণে গুণান্বিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত। ﴾يَٰأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ﴿ “হে প্রশান্ত আত্মা!”—যা সুখ, আনন্দ এবং উল্লাসের সর্বোচ্চ স্তরগুলোর একটি; আল্লাহ তাআলা তাদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এই নামে নামকরণ করেছেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি মহান উদারতা ও সম্মানের বহিঃপ্রকাশ।

আচরণগত একটি শিক্ষা হলো: মহান আল্লাহ যখন তাঁর বান্দাদের এই মহান আহ্বানে ডাকেন। অথচ তিনি তাদের প্রভু, অভিভাবক এবং স্রষ্টা এবং তারা তাঁরই দাস—তখন বান্দার জন্য তার রবের এই সম্বোধন অন্য যেকোনো সৃষ্টির সম্বোধনের চেয়ে অনেক বেশি প্রয়োজনীয়। বিশেষ করে যখন কোনো দিকনির্দেশনা, চাওয়া বা আদেশ প্রদান করা হয়, তখন এমন সম্বোধন সাড়া দেওয়া, কবুল করা এবং অন্তরকে নরম করার ক্ষেত্রে অধিক কার্যকর হয়।

এরপর সেই আহ্বানে সম্মানের বর্ণনার বিষয়টি এসেছে। আল্লাহ তাআলা বলেন: ﴾ٱرْجِعِىٓ﴿ “ফিরে এসো”; অর্থাৎ তোমার রবের সম্মানের দিকে ফিরে এসো। এখানে তাদের ফিরে আসাকে তাঁর পবিত্র সত্তার দিকে সম্বন্ধ করেছেন: ﴾ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ﴿ “তোমার রবের কাছে ফিরে এসো”, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং জান্নাতের যে ওয়াদা তোমাকে দিয়েছেন। এই মুমিন আত্মার অবস্থা এমন হওয়া উচিত যে, সে নিজের প্রতি সন্তুষ্ট এবং তার রবের প্রতিও সন্তুষ্ট। এটি সেই সুমহান সুখের বর্ণনা যা সে ভোগ করছে। কারণ যাকে সন্তুষ্ট করা হয়েছে তিনি স্বয়ং আল্লাহ তাআলা; আর বান্দার প্রতি তাঁর সন্তুষ্টি এমন হবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কল্পনাও আসেনি। এই বর্ণনার একটি সূক্ষ্ম দিক হলো, আল্লাহ তাআলা ফিরে আসাকে ‘প্রত্যাবর্তন’ শব্দ দিয়ে বর্ণনা করেছেন। প্রত্যাবর্তন কেবল সেই জায়গার দিকেই হয় যেখানে প্রত্যাবর্তনকারী আগে অবস্থান করত। এর মধ্যে একটি স্মরণিকা রয়েছে যে, মানবজাতির আদি পিতা আদম (আ.) যখন জান্নাতে ছিলেন, তখন মানবজাতি সেখানেই ছিল। সুতরাং তুমি তোমার সেই মূলে ফিরে এসো যেখানে তোমার পিতা আদম (আ.) ছিলেন।

অতঃপর আল্লাহ বরকতময় ও তাআলা তাকে বলেন: ﴾فَٱدْخُلِى فِى عِبَٰدِى﴿ “অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও”; অর্থাৎ আমার সেই সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত হও যারা তোমার মতোই প্রশান্তি ও সন্তুষ্টির অধিকারী। ﴾وَٱدْخُلِى جَنَّتِى﴿ “এবং আমার জান্নাতে প্রবেশ করো”; তাদের সাথেই জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে নিজের দিকে সম্বন্ধ করেছেন সম্মান বৃদ্ধি এবং বিশেষত্ব প্রকাশের জন্য—যেন তা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটি জান্নাত, হে প্রশান্ত আত্মারা। হে আল্লাহ, আমাদের এবং আমাদের মুসলিম ভাইদের তাদের অন্তর্ভুক্ত করুন, হে রব্বুল আলামীন।

আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি এবং তাঁর শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে এই কাজের গৌরব দান করেছেন এবং সূরা আল-ফজর সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগতসমূহের প্রতিপালক। আর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবার ও সকল সঙ্গীদের ওপর।


ফুটনোট:

[1] আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৩৪৫

[2] কুরতুবী, আল-জামিঈ লীআহকামিল কুরআন ২০/২৭

[3] শাওকানী, ফাতহুলক্বাদির ৫/৪৩৩

[4] ইবনুল জাওযী, যাদুল মাসির ফী ইলমিত তাফসীর ৮/২৪০

[5] ইবনে আশুর, আত-তাহরীরওয়াত-তানভীর ১২/৬৩৯

[6] ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল আযীম ৪/৫৪১

[7] ইবনুল জাওযী, যাদুল মাসির ফী ইলমিত তাফসীর ৮/২৪২

[8] ইবনে আশুর, আত-তাহরীরওয়াত-তানভীর ১২/৬৪১

[9] কুরতুবী, আল-জামিঈ লীআহকামিল কুরআন ২০/৩১

[10] ইবনে জারীর আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৩৬৯

[11] কুরতুবী, আল-জামিঈ লীআহকামিল কুরআন ২০/৩৩

[12] ইবনুল জাওযী, যাদুল মাসির ফী ইলমিত তাফসীর ৮/২৪৭