মাক্কী Makki مَكِّيّ · ৫ আয়াত · ১০৫
আল-ফীল
الفيل
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ ١ أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ ٢ وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ ٣ تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ ٤ فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ ٥ (سورة الفيل: 1–5)
সূরা আল-ফীল এর শিক্ষা ও তাৎপর্য
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
আল্লাহ তাআলা সূরা আল-ফিল শুরু করেছেন একটি ‘ইস্তফহাম তাকরীরি’ বা স্বীকৃতিমূলক প্রশ্ন এবং বিস্ময় প্রকাশের মাধ্যমে। এটি তাদের জন্য এক সতর্কবার্তা যারা সেই হস্তীবাহিনীর পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করে না, যারা মক্কা মুকাররমার পবিত্রতা নষ্ট করতে এবং কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল । আল্লাহ তাআলা তাদের ওপর ‘আবাবিল’ পাখি পাঠিয়ে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করেছেন । আল্লাহ তায়ালা বলেন: ﴾أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ﴿ অর্থাৎ: আপনি কি দেখেননি মহান আল্লাহর অসীম কুদরত কীভাবে হাবশার (আবিসিনিয়া) রাজা আবরাহা এবং তার সেই সৈন্যদের ধ্বংস করে দিয়েছিল, যারা কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল? অতঃপর আল্লাহ তাআলা তাদের ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিয়েছেন তাদের কৃতকর্মের প্রতিফল হিসেবে এবং অন্যদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে। এর মাধ্যমে তাঁর সুউচ্চ মহিমা ফুটে ওঠে এবং এটি প্রমাণ করে যে, তিনি প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী শাসক থেকে প্রতিশোধ গ্রহণ করেন। এছাড়া, এর মাধ্যমে মক্কাবাসীদের ওপর আল্লাহর সেই অনুগ্রহ প্রকাশ পায়, যার মোকাবিলা করার ক্ষমতা তাদের ছিল না।
এতে মক্কা মুকাররমার উচ্চ মর্যাদা ও শানের বর্ণনা রয়েছে।পাশাপাশি, রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি সরাসরি সম্বোধন করার মাধ্যমে তাঁর সম্মান বৃদ্ধি করা হয়েছে; কারণ তিনি তাঁর মহান রবের পক্ষ থেকে বাণী প্রচারকারী। একইভাবে পরবর্তী আয়াতসমূহের মাধ্যমে আল্লাহর মহান কুদরতের বর্ণনা দেওয়া হয়েছে। হস্তীবাহিনীর ঘটনার প্রতি রাসূলুল্লাহ (সা.)-এর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করার বিষয়টি তাঁর সুউচ্চ মর্যাদাকেই ফুটিয়ে তোলে। 'আসহাবুল ফীল' বা হস্তীবাহিনী হলো হাবশার রাজা আবরাহা, যে ইয়ামেন থেকে মক্কায় এসেছিল কাবা ঘর ধ্বংস করার উদ্দেশ্যে এবং তার সাথে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত হাতিসমূহ।
আয়াতে উল্লিখিত “তুমি কি দেখনি” ﴾أَلَمْ تَرَ﴿ কথাটি যদিও রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি সরাসরি বলা হয়েছে, কিন্তু এর গভীর অর্থ অত্যন্ত ব্যাপক। এটি সব সময়ের সব মানুষের প্রতি একটি সাধারণ আহ্বান। আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং এমনভাবে এটি বলেছেন যাতে এর দ্বারা মুমিন, মুশরিক—সকলেই অন্তর্ভুক্ত হয়। এটি কেয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য এক মহান নিদর্শন।
এখানে “দেখা” বলতে কেবল চোখের দেখাকে বোঝানো হয়নি, বরং ‘অন্তর্দৃষ্টির নজর’ (نظرالبصيرة) বোঝানো হয়েছে। এর মানে হলো—সেই ঘটনাটি মানুষের মুখে মুখে এতো বেশি আলোচিত ও প্রচারিত যে, তা চোখের সামনে দেখার মতোই উজ্জ্বল।
আল্লাহ তাআলা “তুমি কি দেখনি” বলার পর “কিভাবে” শব্দটি ব্যবহার করেছেন। এটি মানুষের বুদ্ধিকে জাগ্রত করে যাতে সে ঘটনাটির সূক্ষ্ম বর্ণনা ও আল্লাহর অসীম কুদরত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে পারে।
কুরআনের ভাষ্যে “কিভাবে” (كَيْفَ) শব্দটি চিন্তাশক্তিকে উদ্দীপিত করে, যাতে পাঠক ঘটনার গভীরতা কল্পনা ও অনুধাবন করতে পারে। এটি আল্লাহর ক্ষমতার সেই বহিঃপ্রকাশকে নিয়ে ভাববার অবকাশ দেয়, যা সেই নির্দিষ্ট ঘটনাকে ঘিরে ছিল। এটি মূলত চিন্তাশীলতা, পর্যবেক্ষণ এবং বর্তমান পরিস্থিতি থেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর নেয়ামতকে নির্দেশ করে। মানুষের জন্য দৃষ্টিশক্তি এবং অন্তর্দৃষ্টি একটি বিশাল নেয়ামত, যার মাধ্যমে সে সত্য-মিথ্যা এবং ভালো-মন্দের পার্থক্য করতে পারে।
আয়াতে উল্লিখিত “তুমি কি দেখনি” ﴾أَلَمْ تَرَ﴿ বাক্যটি সরাসরি মানুষের মনোযোগ আকর্ষণ করে। এরপর "কিভাবে" শব্দটি ব্যবহারের ফলে চিন্তার গভীরতা বৃদ্ধি পায় এবং এটি মানুষের বিবেককে নাড়া দেয়। ﴾أَلَمْ تَرَ﴿ “তুমি কি দেখনি” বাক্যটি শ্রোতার সাথে সরাসরি সম্পর্কিত; এর মাধ্যমে হাতিওয়ালাদের (আসহাবুল ফীল) ঔদ্ধত্য, সীমা লঙ্ঘন এবং যে অহংকার তাদের আল্লাহর ঘর কাবা থেকে মানুষকে দূরে রাখার দিকে ধাবিত করেছিল, তা নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানানো হয়েছে। এর উদ্দেশ্য হলো এটি পরিষ্কার করা যে, যারা আল্লাহর দ্বীন, তাঁর রাসূল (সা.) এবং তাঁর উদ্দেশ্য বাস্তবায়নে বাধা দেয়, তাদের শেষ পরিণতি ধ্বংস ও বিনাশ।
আল্লাহ তাআলা এই ধ্বংসের কাজটিকে সরাসরি নিজের দিকে সম্পর্কিত করেছেন ﴾أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ﴿ “তোমার পালনকর্তা করেছেন” এর মাধ্যমে ঘটনার ভয়াবহতা এবং মহিমা ফুটিয়ে তোলা হয়েছে। যিনি আসহাবুল ফীলের সাথে এমন আচরণ করেছেন, তিনি তোমাদেরও রব (পালনকর্তা); তিনি প্রতিটি সৃষ্টির ওপর সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাদেরকে "আসহাবুল ফীল" বা হাতিওয়ালা হিসেবে অভিহিত করা হয়েছে কারণ হাতি ছিল তাদের পরিচয়ের প্রধান চিহ্ন। তারা হাতি সাথে নিয়ে এসেছিল মূলত নিজেদের শক্তি, দাপট এবং মানুষের ওপর নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য।
অতঃপর মহান আল্লাহ বলেন: ﴾أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ﴿ “তিনি কি তাদের চক্রান্ত নসাৎ করে দেননি?” আল্লাহ তাআলার অসীম শক্তির সামনে তাদের সেই বিশাল শক্তি থাকা সত্ত্বেও তিনি তাদের পরিকল্পনাকে ব্যর্থ ও নিস্ফল করে দিয়েছেন। এই আয়াতটি একটি 'তাকরীরি' বা স্বীকৃতিমূলক প্রশ্ন (অর্থাৎ যা ঘটেছিল তা নিশ্চিত করার জন্য)। আপনার পালনকর্তা কি তাদের ধূর্ত চক্রান্তকে ধ্বংস করে দেননি? তারা পবিত্র ঘর (কাবা), এর অধিবাসী এবং কাবার সম্মানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল—হত্যা, বন্দিত্ব এবং কাবা ধ্বংস করার পরিকল্পনা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাঁর শক্তি, মর্যাদা এবং সুকৌশলী পরিকল্পনার মাধ্যমে তাদের সেই ধ্বংসাত্মক চক্রান্তকে নস্যাৎ করে দিলেন। তাদের চক্রান্ত ধুলোর মতো উড়ে গেল, আর তারা ধ্বংস ছাড়া আর কিছুই পেল না। তাদের বা মক্কাবাসীদের কল্পনায়ও যা ছিল না, আল্লাহ তেমন আযাব তাদের ওপর প্রেরণ করলেন।
অতঃপর আল্লাহ তাআলা বলেন: ﴾وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ﴿ “এবং তিনি তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন।” আল্লাহ তাআলা এই ক্ষুদ্র ও হালকা পাখিদের পাঠালেন সেই বিশালকার হাতিদের ধ্বংস করার জন্য। এর উদ্দেশ্য হলো মানুষের চিন্তা ও উপলব্ধিকে জাগ্রত করা যে, প্রকৃত শক্তি কেবল আল্লাহর হাতে; তিনি যাকে ইচ্ছা তা দান করেন। শক্তি মানেই বিশাল দেহ বা বাহ্যিক বড় কিছু নয়। বরং আল্লাহ সেই পাখিদের মাধ্যমেই হাতি ও হস্তিবাহিনীকে ধ্বংস করে দিলেন।
ইবনে জারীর (রহ.) বলেন: “তোমার প্রতিপালক তাদের ওপর বিভিন্ন দিক থেকে আসা বিচ্ছিন্ন পাখিদের দল পাঠালেন, যারা একে অপরের পেছনে আসছিল।”[1] ইবনে আব্বাস (রা.) এবং আদ-দাহহাক বলেন: ‘আবাবিল’ অর্থ হলো দলবদ্ধ বা একের পর এক আসা। আল-হাসান আল-বাসরী এবং কাতাদাহ বলেন: ‘আবাবিল’ অর্থ অনেক বা অসংখ্য। মুজাহিদ বলেন: 'আবাবিল' হলো বিভিন্ন জায়গা থেকে আসা নিরবচ্ছিন্ন ছোট ছোট দল। ইবনে জায়েদ বলেন: 'আবাবিল' মানে বিভিন্ন স্থান থেকে আসা পাখি,[2] যারা এদিক-ওদিক সবদিক থেকে এসে তাদের ঘিরে ফেলেছিল। সুতরাং এই শব্দটির ব্যাপক অর্থ হলো—পাখিদের সংখ্যাধিক্য, ধারাবাহিকতা এবং সবদিক থেকে তাদের ঘিরে ফেলা।
তাদের কাহিনীতে আরও উল্লেখ আছে যে, আবরাহা যখন মক্কায় প্রবেশের জন্য প্রস্তুত হলো, তখন তার হাতিটি বসে পড়ল। তারা হাতিটিকে উঠতে বাধ্য করার জন্য অনেক মারধর করল, কিন্তু সেটি উঠল না। তারা যখন হাতিটির মুখ ইয়েমেনের দিকে ঘুরিয়ে দিত, তখন সেটি দৌড়াতে শুরু করত; শামের (সিরিয়া) দিকে ঘুরালে তখনও হাঁটত; পূর্ব দিকে ঘুরালে তখনও হাঁটত। কিন্তু যখনই তারা হাতিটিকে পবিত্র কাবার দিকে মুখ করাত, তখনই সেটি বসে পড়ত এবং নড়াচড়া করতে অস্বীকার করত।
অতঃপর আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে পাখি পাঠালেন।[3] এটি আল্লাহ তাআলার অসীম ক্ষমতা, কর্তৃত্ব, বিজয় এবং প্রজ্ঞার এক উজ্জ্বল নিদর্শন। এর মাধ্যমে একজন মুমিন শিখতে পারে যে, ভরসা কেবল আল্লাহর ওপরই করতে হয় এবং কেবল তাঁর কাছেই সাহায্য ও আশ্রয় প্রার্থনা করতে হয়। এতে মুমিনের ঈমান ও দৃঢ় বিশ্বাস বৃদ্ধি পায় যে, শক্তি এবং সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে এবং তিনি অত্যন্ত সহজ উপায়ে জগতের সমস্ত সমীকরণ বদলে দিতে সক্ষম।
তারপর আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা সেই পাখিরা ‘হস্তিবাহিনী’র (আসহাবুল ফিল) সাথে যা করেছিল সে সম্পর্কে সংবাদ দিয়েছেন। মহান আল্লাহ বলেন: ﴾تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ﴿ “তারা তাদের ওপর নিক্ষেপ করেছিল পাথরের কণা, যা ছিল পোড়া মাটির।” অর্থাৎ, এই পাখিরা আবরাহা এবং তার সাথে থাকাদের ওপর মাটির তৈরি অত্যন্ত শক্ত পাথর নিক্ষেপ করেছিল। পাথরগুলো তাদের ওপর একের পর এক দ্রুতগতিতে পড়তে লাগল, যেখানে একটির পেছনে আরেকটি পাথর আসছিল।
আল্লাহর বাণী: ﴾فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ﴿ “অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণের মতো করে দিলেন।” প্রবল পরাক্রমশালী আল্লাহ এই শাস্তির মাধ্যমে তাদের অবস্থা এমন করে দিলেন যেন তারা পশুর খেয়ে ফেলা শস্যের মতো, যা শুষ্ক ও প্রাণহীন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইমাম ইবনে জারীর আত-তাবারী (রহ.) বলেন: “অর্থাৎ, এমন শস্য যা পশুরা খেয়ে ফেলেছে এবং শুকিয়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে।”
তিনি তাদের ওপর নেমে আসা শাস্তিকে এমনভাবে তুলনা করেছেন যে, তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং দেহের হাড়-মাংস ছিঁড়ে পড়েছিল, যেমনটা পশুর খাওয়ার পর মলমূত্রের সাথে বেরিয়ে আসা ঘাস বা শস্যের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকে।[4]
এটি সেই ক্ষুদ্র পাখির শক্তির তুলনায় শাস্তির ভয়াবহতাকেই নির্দেশ করে, যা হাতির সাথে কোনো তুলনাই চলে না। এই ছোট পাথরগুলো এমন এক বিশাল কাণ্ড ঘটিয়েছে যা তাদের দেহকে ছিন্নভিন্ন করে টুকরো টুকরো করে দিয়েছিল, যেন তারা পশুর খেয়ে ফেলা ফসলের অবশিষ্টাংশ।
এই ঘটনাটি এই সূরা নাযিল হওয়ার সময় থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের জন্য এক বড় শিক্ষা। এটি মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটি দিকনির্দেশনা ও উপদেশ। যে হিদায়াত গ্রহণ করবে সে নিজের কল্যাণের জন্যই করবে, আর যে কুফরি করবে তার পরিণাম তার ওপরই বর্তাবে। আমরা আল্লাহর প্রশংসা করি তাঁর মহান কিতাব এবং তাঁর বিশ্বস্ত রাসূল (সা.)-এর বার্তার মাধ্যমে প্রাপ্ত হিদায়াত ও সুস্পষ্ট বর্ণনার নেয়ামতের জন্য।
পরিশেষে আমি আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে সূরা আল-ফীলের কাজ সম্পন্ন করার তৌফিক দান করেছেন। হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সকল প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারের ওপর।
ফুটনোট:
[1] আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৬২৭
[2] ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল আযীম ৪/৫৮৯
[3] ইবনুল জাওযী, যাদুল মুয়্যাস্সার ফী ইলমিত তাফসীর ৮/৩১০
[4] আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৬২৭