মাক্কী Makki مَكِّيّ · ৯ আয়াত · ১০৪
আল-হুমাযাহ
الهمزة
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ١ ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ ٢ يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ ٣ كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ ٤ وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ٥ نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ٦ ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ ٧ إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ٨ فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ ٩ (سورة الهمزة: 1–9)
সূরা আল-হুমাযাহ এর শিক্ষা ও তাৎপর্য
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
সূরা আল-হুমাজাহ শুরু হয়েছে সেইসব লোকদের সতর্ক করার মাধ্যমে যারা মানুষকে কথা বা কাজের মাধ্যমে তুচ্ছজ্ঞান করে বা দোষারোপ করে। আল্লাহ তাআলা বলেন: ﴾وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ﴿ “প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ।” অর্থাৎ, যারা মানুষকে তাদের কাজের মাধ্যমে অবজ্ঞা করে অথবা কথার মাধ্যমে লাঞ্ছিত করে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা তাঁর সতর্কবাণী শুরু করেছেন ﴾وَيْلٌ﴿ শব্দটির মাধ্যমে, যার অর্থ হলো কঠিন আজাব বা ধ্বংস। কেউ কেউ বলেন, এটি জাহান্নামের একটি উপত্যকার নাম, যেখানে জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত ও পুঁজ প্রবাহিত হয়। [1]
প্রধান দুটি দোষের ব্যাখ্যা: ১. হুমাজাহ ﴾هُمَزَةٍ﴿: এর অর্থের মধ্যে রয়েছে গিবতকারী (পরনিন্দাকারী), যে মানুষের সামনে তাদের অপমান করে, চোখ টিপে বা ইশারা করে বিদ্রূপ করে অথবা হাত দিয়ে লাঞ্ছিত করে বা আঘাত করে। ২. লুমাজাহ (لُمَزَةٍ) : এর অর্থের মধ্যে রয়েছে এমন ব্যক্তি যে মানুষের পেছনে তাদের দোষ খোঁজে, মানুষের বংশমর্যাদা নিয়ে কটূক্তি করে এবং জিহ্বা দিয়ে মানুষকে আঘাত করে।[2] ﴾هُمَزَةٍ لُّمَزَةٍ﴿ শব্দটি দ্বারা অন্যের প্রতি কথা বা কাজের মাধ্যমে করা যাবতীয় খারাপ আচরণকে বোঝানো হয়েছে। এটি স্পষ্ট করে যে, এ ধরনের আচরণ ইসলামে হারাম বা নিষিদ্ধ এবং এমন চরিত্রের অধিকারী ব্যক্তি শাস্তির যোগ্য। এর মাধ্যমে ইসলামের নৈতিক শ্রেষ্ঠত্ব এবং অনুসারীদের চরিত্র ও আচরণ সংশোধনের গুরুত্ব ফুটে ওঠে। একজন মুমিনের দায়িত্ব হলো অন্যের অধিকার রক্ষা করা এবং এ ধরনের জঘন্য গুণাবলি ত্যাগ করে ইসলামের আদব ও আদর্শ অনুযায়ী জীবন গঠন করা।
এরপর আল্লাহ তাআলা এই পরনিন্দাকারীর আরও কিছু বৈশিষ্ট্যের কথা জানিয়েছেন যে, সে সম্পদ সঞ্চয় করে এবং তা নিয়ে গর্ব করে। মহান আল্লাহ বলেন: ﴾الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ﴿ “যে সম্পদ পুঞ্জীভূত করে ও তা বারবার গণনা করে।” অর্থাৎ, সে অধিক পরিমাণে সম্পদ জমা করে এবং সম্পদের প্রতি অত্যধিক লোভের কারণে তা বারবার গণনা করে।
আয়াতে ﴾وَعَدَّدَهُ﴿ শব্দে ‘দাল’ বর্ণের ওপর তাশদীদ থাকা মূলত আধিক্য এবং বারবার কোনো কাজ করাকে বোঝায়। এর অর্থ হলো: সে পরিতৃপ্তি ছাড়াই কেবল সম্পদ পুঞ্জীভূত করতে থাকে। সে বারবার তার সম্পদ গণনা করে এবং তার পুরো মনোযোগ ও চিন্তা কেবল সম্পদ বাড়ানোর পেছনেই ব্যয় হয়। সম্পদ জমানোর আনন্দে সে আত্মহারা হয়ে থাকে এবং সম্পদ নেই এমন ব্যক্তিদের তুচ্ছজ্ঞান ও বিদ্রূপ করে। এটি প্রমাণ করে যে, সে সত্য পথ থেকে বিচ্যুত এবং অহংকার ও মানুষের মর্যাদাহানির মতো নিকৃষ্ট চারিত্রিক দোষে লিপ্ত।
আল্লাহ তাআলা এই সংকীর্ণমনা ব্যক্তির চিন্তা সম্পর্কে বলেন: ﴾يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ﴿ “সে মনে করে যে, তার ধন-সম্পদ তাকে চিরঞ্জীব করে রাখবে।” সে মনে করে সম্পদ জমা করে রাখলেই সে দুনিয়াতে চিরকাল থাকতে পারবে এবং মৃত্যু তাকে স্পর্শ করবে না। সে আল্লাহর পথে খরচ না করে সম্পদ আগলে রাখে, যেন সে দুনিয়াতে স্থায়ীভাবে থাকার কোনো নিশ্চয়তা পেয়ে গেছে।
মহান আল্লাহ বলেছেন: ﴾كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ﴿ “কখনোই নয়! সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়”। অর্থাৎ, বিষয়টি তেমন নয় যেমনটি সে তার ধারণা ও বিশ্বাসে ভেবেছে যে, সে দুনিয়াতে অমর হয়ে থাকবে। সুতরাং ﴾كَلَّا﴿ “কখনোই নয়” শব্দটি তার হিসাব ও বিশ্বাসকে বাতিল করার অর্থ প্রকাশ করেছে। সেই সাথে সে যা বিশ্বাস করে তাকে মিথ্যা প্রতিপন্ন করে পরকালে তার প্রকৃত অবস্থা সাব্যস্ত করেছে যে, তাকে অবশ্যই ‘হুতামায়’ নিক্ষেপ করা হবে, যা হলো জাহান্নামের আগুন।
ইমাম ইবনে জারীর তাবারী (রহ.) বলেছেন: আল্লাহ তাআলার বাণী—যাতে সে কিয়ামতের দিন নিক্ষিপ্ত হবে তা হলো হুতামাহ; আর হুতামাহ হলো জাহান্নামের নামসমূহের একটি নাম, যেমন: সাকার এবং লাজা। আমার ধারণা মতে, এর নামকরণ হুতামাহ করা হয়েছে কারণ এটি তার মধ্যে নিক্ষিপ্ত সব কিছুকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলে।[3] যা স্পষ্ট করে দেয় যে, এই প্রতারিত ব্যক্তি তার নিজের চিন্তা দিয়েই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে; কারণ সে বিষয়গুলোকে তার বেপরোয়া আচরণ, বিচ্যুতি ও অহংকার দিয়ে ব্যাখ্যা করে, তার মহান রবের শরীয়ত দিয়ে নয়।
এরপর মহান আল্লাহ ﴾الْحُطَمَةِ﴿ “হুতামাহ” শব্দটি এবং এর অর্থকে প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে গুরুত্বারোপ করেছেন, যাতে এর ভয়াবহতা ও গাম্ভীর্য আরও বৃদ্ধি পায়। মহান আল্লাহ বলেন: ﴾وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ﴿ “আর কিসে তোমাকে জানাবে যে হুতামাহ কী?”। অর্থাৎ, কী তোমাকে হুতামাহ সম্পর্কে অবগত করবে? এর গুণাবলি কী? এর আযাবের শক্তি কেমন? এর ভয়াবহতা ও অবস্থা কেমন? আর তাতে যাকে নিক্ষেপ করা হবে তার অবস্থাই বা কী হবে?
এটি এমন এক প্রশ্ন যা শ্রোতার মনকে এর ভয়াবহতা ও গাম্ভীর্যের দিকে টেনে নেয়, যাতে সে এটি অনুধাবন করতে এবং হুতামাহর প্রকৃত স্বরূপ জানতে আগ্রহী হয়। ﴾مَا الْحُطَمَةُ﴿ “হুতামাহ কী?” এই বাক্যটি একটি সাধারণ বর্ণনার পর প্রশ্নবোধক রূপে এসেছে, যাতে এটি পূর্ণ গাম্ভীর্যের অর্থ প্রদান করে। এখানে ﴾مَا﴿ (কী) শব্দটি একটি প্রশ্নবোধক অব্যয়, যা ভয়াবহতা ও মহিমা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেন বলা হয়েছে: “তুমি কি জানো হুতামাহ কী?।”
﴾وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ﴿ “আর কিসে তোমাকে জানাবে যে হুতামাহ কী?”—এটি প্রত্যেকের প্রতি একটি প্রশ্ন। যার অর্থ: কোন জিনিস তোমাকে জানাবে হুতামাহ কী? কারণ তুমি তো তা প্রত্যক্ষ করোনি এবং এর আযাব ও ভয়াবহতা দেখোনি। যা একথাই বুঝিয়ে দেয় যে, তোমার চাক্ষুষ দেখা বা অভিজ্ঞতার অভাবে এই মহান আগুনের প্রকৃত ঘটনাবলি সম্পর্কে তোমার জ্ঞান নেই। যা এর ভয়াবহতা ও আযাবের তীব্রতাকে ফুটিয়ে তোলে।
এরপরে আল্লাহ তায়ালা বলছেন: ﴾نَارُ اللَّهِ الْمُوقَدَةُ﴿ আল্লাহর প্রজ্বলিত আগুন” এটি আল্লাহর আগুন যা তাঁরই আদেশে সুউচ্চে প্রজ্বলিত করা হয়েছে। আল্লাহ তাআলা এই আগুনকে তাঁর নিজের দিকে সম্বন্ধযুক্ত করেছেন এর ভয়াবহতাকে মহিমান্বিত ও বিশাল করার জন্য। এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ﴾الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ﴿ “যা হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছাবে”। অর্থাৎ, এই আগুন সরাসরি অন্তরে গিয়ে বিদ্ধ হবে; যদিও তা মানুষের পুরো দেহকেই গ্রাস করবে, তবুও বিশেষভাবে হৃদপিণ্ডের কথা উল্লেখ করা হয়েছে কারণ অন্তর হলো মানুষের প্রেরণা, আবেগ, অহংকার এবং অবাধ্যতার মূল কেন্দ্র। এর মাধ্যমে সেই আযাব থেকে সতর্ক করা হয়েছে এবং আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূল (সা.) যা নিয়ে এসেছেন তার অনুসরণের আবশ্যকতা বোঝানো হয়েছে। এর অর্থ দাঁড়ায়: হে সম্বোধিত ব্যক্তি! হুতামাহর প্রকৃত স্বরূপ সম্পর্কে তোমার অজ্ঞতার পর আমি তোমাকে এর ভয়াবহ আযাব সম্পর্কে অবহিত করেছি, যাতে তোমার বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠিত হয়।
এরপর এই হুতামাহ-এর ভয়াবহতা আরও বৃদ্ধি করা হয়েছে এটি অপরাধীদের কীভাবে পরিবেষ্টন করে রাখবে তা বর্ণনার মাধ্যমে। মহান আল্লাহ বলেন: ﴾إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ﴿ “নিশ্চয় তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে”। হুতামাহ-এর আগুন তাদের ওপর এমনভাবে চেপে বসবে যে, সেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না এবং সামান্যতম আরামও মিলবে না, বরং তা তাদের ওপর অবরুদ্ধ হয়ে থাকবে। হে আল্লাহ! আমরা আপনার কাছে নিরাপত্তা চাই এবং প্রার্থনা করি আপনি যেন আমাদের এবং সকল মুসলিমকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনার নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন।
এরপর মহান আল্লাহ তাদের লোহার শিকলে আবদ্ধ থাকার সংবাদ দিয়ে বলেন: ﴾فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ﴿ “দীর্ঘায়িত স্তম্ভসমূহে”। তারা অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘ স্তম্ভে আবদ্ধ থাকবে। মুফাসসিরগণ বলেন: এগুলো হলো সেই খুঁটি যা জাহান্নামীদের ওপর চাপিয়ে দেওয়া হবে। মুকাতিল (রহ.) বলেন: তাদের ওপর দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, এরপর লোহার খুঁটি দিয়ে তা মজবুত করা হবে যাতে এর উত্তাপ ও ধোঁয়া তাদের দিকেই ফিরে আসে।
﴾مُّمَدَّدَةٍ﴿ “দীর্ঘায়িত” শব্দটি স্তম্ভের বিশেষণ; অর্থাৎ এই স্তম্ভগুলো অত্যন্ত দীর্ঘ ও মজবুত,[4] যা এর ভয়াবহতা ও বিশালত্বকে ফুটিয়ে তোলে। মানুষের উচিত তার সম্পদ বা দুনিয়ার কোনো কিছু নিয়ে ধোকায় না পড়া এবং তার কাছে থাকা নিয়ামতকে যেন অন্যের প্রতি অহংকার, উপহাস বা কথার মাধ্যমে আঘাত করার হাতিয়ার না বানায়। হে আল্লাহ! আমরা আপনার কাছে নিরাপত্তা চাই এবং আমাদের ও সকল মুসলিমকে এই আযাব থেকে রক্ষা করুন।
আমি আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে সুরা আল-হুমাজাহ-এর ব্যাখ্যা সম্পন্ন করার তাওফিক দিয়েছেন। হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ; আমাদের ক্ষমা করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবার ও সকল সঙ্গীদের ওপর।
ফুটনোট:
[1] ইবনে জারীর আত-ত্ববারী, জামিউলবায়ান আনতা’বীল আয়্যিল কুরআন ২৪/৬১৬
[2] ইবনুল জাওযী, যাদুল মুয়্যাস্সার ফী ইলমিত তাফসীর ৮/৩০৬
[3] ইবনে জারীর আত-ত্ববারী, জামিউলবায়ান আনতা’বীল আয়্যিল কুরআন ২৪/৬১৬
[4] ইবনুল জাওযী, যাদুল মুয়্যাস্সার ফী ইলমিত তাফসীর ৮/৩০৭