মাক্কী Makki مَكِّيّ · ৩ আয়াত · ১০৮

আল-কাউসার

الكوثر

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ١ فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ٢ إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ٣ (سورة الكوثر: 1–3)

সূরা আল-কাওছার এর শিক্ষা ও তাৎপর্য

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি


সূরা আল-কাওসারে মহান আল্লাহ তাআলা আমাদের রাসূল মুহাম্মদ (সা.)-এর প্রতি তাঁর বিশেষ অনুগ্রহ ও নেয়ামতরাজি প্রকাশ করেছেন। এতে রাসূল (সা.)-এর উচ্চ মর্যাদা, সুউচ্চ অবস্থান এবং তাঁর প্রতি আল্লাহর বিশেষ যত্ন ও নৈকট্যের কথা বর্ণিত হয়েছে, যা আল্লাহ তাআলা অন্য সকল সৃষ্টির ঊর্ধ্বে কেবল তাঁকেই দান করেছেন।

আল্লাহ তাআলা বলেন: ﴾إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ﴿ “নিশ্চয়ই আমি আপনাকে কাওসার দান করেছি”। অর্থাৎ, আমিই আপনাকে সেই ‘কাওসার’ দান করেছি যা এক বিশাল কল্যাণের ভাণ্ডার, যার একটি অংশ হলো জান্নাতের সুমহান কাওসার নদী। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন: এটি এমন এক নদী যা তোমাদের নবীকে (সা.) দান করা হয়েছে; যার দুই তীর ফাঁপা মুক্তা দিয়ে নির্মিত এবং এর পানপাত্রের সংখ্যা আকাশের নক্ষত্ররাজির মতো।[1]

ইবনে আব্বাস (রা.), সাঈদ বিন জুবায়ের এবং ইকরিমা বলেন: ‘কাওসার’ অর্থ হলো প্রচুর কল্যাণ। কেউ কেউ একে ‘জ্ঞান ও কুরআন’ আবার কেউবা ‘নবুওয়াত’ হিসেবে অভিহিত করেছেন। ইমাম ইবনে জারীর তাবারী (রহ.) সকল মতামতের পর্যালোচনা শেষে বলেন: সবচেয়ে সঠিক মতটি হলো—এটি সেই নদীর নাম যা জান্নাতে আল্লাহর রাসূলকে (সা.) দান করা হয়েছে।[2]

কাওসার শব্দের অর্থ নিয়ে ভিন্নতার কারণ হলো, আভিধানিক দিক থেকে ‘কাওসার’ মানেই হলো অজস্র কল্যাণ। পরিশেষে বলা যায়, সুনির্দিষ্টভাবে এটি জান্নাতের একটি নদী, আর সাধারণভাবে এটি হলো সেই সকল কল্যাণ যা আল্লাহ তাআলা রাসূলকে (সা.) দুনিয়া ও আখেরাতে দান করেছেন।

বয়ানভঙ্গির এক সূক্ষ্ম সৌন্দর্য হলো, আল্লাহর বাণীটি শুরু হয়েছে মহান আল্লাহর সম্মানসূচক বহুবচন “নিশ্চয়ই আমরা” ﴾إِنَّا ﴿ শব্দ দিয়ে। এই শব্দটিতে ‘নুন-ই-তাওকীদি’ বা নিশ্চয়তাবোধক অক্ষর ব্যবহারের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব, গাম্ভীর্য, শক্তি এবং পরবর্তী বক্তব্যের গুরুত্ব ও দৃঢ়তা ফুটিয়ে তোলা হয়েছে। এরপর পুনরায় ‘আমি দান করেছি’ ﴾أَعْطَيْنَاكَ﴿ শব্দে ক্রিয়াটিকে নিজের দিকে সম্বোধন করে সেই সম্মান ও শ্রেষ্ঠত্বকে আরও বৃদ্ধি করা হয়েছে, যা প্রমাণ করে যে এই মহান দানটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে এবং এটি শুধুমাত্র নবী (সা.)-এর জন্য নির্দিষ্ট ছিল।

অতঃপর আল্লাহ তাআলা তাঁর রাসূলকে (সা.) নামাজ ও কোরবানির নির্দেশ দিয়ে বলেন: ﴾فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ﴿ “আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন”। এর অর্থ হলো: হে রাসূল! আপনি সর্বদা নামাজের ওপর অবিচল থাকুন। ‘কোরবানি’ করার অর্থ হলো উট জবেহ করা, যা আরবদের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত। ইবনে আব্বাস (রা.), মুজাহিদ এবং জুমহুর উলামায়ে কেরামের মতে, এর দ্বারা ঈদুল আজহার দিনের কোরবানিকে বোঝানো হয়েছে।[3]

এখানে ‘নামাজ পড়ুন’ ﴾فَصَلِّ لِرَبِّكَ﴿ আদেশসূচক ক্রিয়া ব্যবহারের মাধ্যমে নামাজের আবশ্যকতা ও ফরজ হওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এরপর “আপনার পালনকর্তার উদ্দেশ্যে” কথাটি যুক্ত করে ইখলাস বা একনিষ্ঠতার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ নামাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।

এটি উম্মতকে এই শিক্ষা দেয় যে, ইবাদত হতে হবে রিয়া বা লোকদেখানো মানসিকতা মুক্ত, যা আমলকে ধ্বংস করে দেয়। কোরবানির নির্দেশের মাধ্যমে এর গুরুত্ব ফুটে ওঠেছে, কারণ এর মাধ্যমে দরিদ্র ও অভাবী মানুষের খাদ্যের ব্যবস্থা হয়। এটি আল্লাহর বান্দাদের প্রতি তাঁর মমতা এবং দ্বীনের মহানুভবতা ও ইহসানের পরিচয় বহন করে।

এরপর আল্লাহ তাআলা তাঁর রাসূলের মর্যাদা এবং তাঁর প্রতি ঘৃণা পোষণকারীদের ভয়াবহ পরিণামের কথা উল্লেখ করেছেন । আল্লাহ বলেন: ﴾إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ﴿ “নিশ্চয়ই আপনার শত্রু বা আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই হলো নির্বংশ” অর্থাৎ, সে সকল প্রকার কল্যাণ থেকে বিচ্ছিন্ন। এই ‘বিচ্ছিন্নতা’ বা ‘নির্বংশ’ হওয়ার বিষয়টি তার সুখ্যাতি এবং তার নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।

এর বিপরীতে নবী (সা.)-কে উদ্দেশ্য করে বলা হয়েছে যে: আপনার নাম চিরস্মরণীয় থাকবে, আপনার উচ্চ মর্যাদা উম্মতের মাঝে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকবে এবং কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব জারি থাকবে। এটি প্রমাণ করে যে, আপনার জন্যই রয়েছে সর্বোত্তম ও পূর্ণাঙ্গ কল্যাণ এবং আল্লাহ আপনাকে অজস্র নেয়ামত ও জান্নাতে কাওসার নদী দান করেছেন। এতে রাসূলের (সা.) প্রতি বিদ্বেষ পোষণকারীদের পাপের ভয়াবহতা এবং যারা তাঁকে মন থেকে ভালোবাসে ও অনুসরণের মাধ্যমে মহব্বত প্রকাশ করে, তাদের সুউচ্চ মর্যাদার কথা প্রকাশ পেয়েছে।

হে আল্লাহ! আমাদের আপনার ভালোবাসা এবং আপনার রাসূল মুহাম্মদ (সা.)-এর ভালোবাসা দান করুন, তাঁর সুন্নাহর অনুসরণ করার তৌফিক দিন এবং জান্নাতে তাঁর হাউজ থেকে পানি পান করার ও তাঁর সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিন ।

পরিশেষে আমি আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে সূরা আল-কাওছারের কাজ সম্পন্ন করার তৌফিক দান করেছেন। হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সকল প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারের ওপর।


ফুটনোট:

[1] বুখারী, আল-জামিউল বুখারী ৪৯৬৫

[2] ইবনে জারীর আত-ত্ববারী, জামিউলবায়ান আনতা’বীল আয়্যিল কুরআন ২৪/৬৭৯-৬৮৫

[3] ইবনুল জাওযী, যাদুল মুয়্যাস্সার ফী ইলমিত তাফসীর ৮/২৮৩