মাক্কী Makki مَكِّيّ · ১১ আয়াত · ১০১
আল-কারিআহ
القارعة
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ٱلۡقَارِعَةُ ١ مَا ٱلۡقَارِعَةُ ٢ وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ ٣ يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ ٤ وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ ٥ فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ ٦ فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ٧ وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ ٨ فَأُمُّهُۥ هَاوِيَةٞ ٩ وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ ١٠ نَارٌ حَامِيَةُۢ ١١ (سورة القارعة: 1–11)
সূরা আল-ক্বারিয়াহ এর শিক্ষা ও তাৎপর্য
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
মহান আল্লাহ তাআলা সূরা আল-কারিআহ শুরু করেছেন কিয়ামতের অন্যতম একটি নাম দিয়ে। তিনি ঘোষণা করেছেন: ﴾الْقَارِعَةُ﴿ অর্থাৎ, এটি এমন এক মহাবস্তু যা সৃষ্টিকুলকে তার ভয়াবহতা দিয়ে আঘাত করবে এবং এর তীব্রতায় অন্তরসমূহ কেঁপে উঠবে। ইমাম কুরতুবী (রহ.) বলেন: এর অর্থ হলো কিয়ামত ও শেষ সময়। অধিকাংশ মুফাসসিরের মতে, একে ‘আল-কারিআহ’ বলা হয় কারণ এটি তার আতঙ্ক ও ভীতির মাধ্যমে মানুষের হৃদয়ে করাঘাত করবে।
আল্লাহ তাআলা এই শব্দটি পরপর তিনবার পুনরাবৃত্তি করেছেন, যা কিয়ামত দিবসের গাম্ভীর্য, ভয়াবহতা এবং মুশরিক ও কাফেরদের জন্য চরম সতর্কবার্তা প্রদান করে। আল্লাহ তাআলা প্রথমে কোনো গুণবাচক শব্দ ছাড়াই শব্দটি উল্লেখ করেছেন যাতে মানুষের হৃদয়ে সেই দিনের ভয়াবহতা ও ভীতি প্রবলভাবে অনুভূত হয়। সেদিন মানুষের যাবতীয় আমল প্রকাশিত হবে এবং কর্ম অনুযায়ী প্রতিদান বা শাস্তি নির্ধারিত হবে।
অতঃপর আল্লাহ এই ভয়াবহতাকে আরও সুষ্পষ্ট করতে প্রশ্ন ছুড়ে দিয়েছেন: ﴾وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ﴿ অর্থাৎ, “আপনি কি জানেন সেই করাঘাতকারী মহাপ্রলয় কী?”। এই প্রশ্নটি প্রত্যেকের জন্য। এর অর্থ হলো, কোনো মানুষই সেই দিনের প্রকৃত ভয়াবহতা কল্পনা করতে পারবে না, কারণ তারা তা কখনো স্বচক্ষে দেখেনি। এটি মানুষকে অবাধ্যতা পরিহার করে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর আনুগত্য করার জন্য চূড়ান্তভাবে সতর্ক করে।
আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সংবাদ দিচ্ছেন। তিনি বলেছেন: ﴾يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ﴿ “সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো।” কিয়ামতের দিন মানুষের আতঙ্ক ও অস্থিরতা হবে আগুনের চারপাশে ঘোরাফেরা করা পতঙ্গের মতো। পতঙ্গরা যেমন অস্থিরভাবে ছোটাছুটি করে এবং কোথাও স্থির হতে পারে না, মানুষও সেদিন তীব্র ভয়ে এদিক-ওদিক ছুটতে থাকবে। তাদের কোনো গন্তব্য থাকবে না এবং তারা চরম বিশৃঙ্খলার মধ্যে ছড়িয়ে পড়বে।
কিয়ামতের আরেকটি ভয়াবহ দিক হলো পাহাড়ের ধ্বংস হওয়া। আল্লাহ বলেন: ﴾وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ﴿ “এবং পাহাড়গুলো হবে ধুনিত পশমের মতো।” সেই বিশাল ও সুদৃঢ় পাহাড়গুলো সেদিন বিভিন্ন রঙের পশমের মতো হয়ে যাবে। ইমাম তাবারী (র.)-এর মতে, তা বিভিন্ন রঙের পশম।[1] পাহাড়গুলো তাদের দৃঢ়তা হারিয়ে তুলার মতো হালকা হয়ে উড়তে থাকবে এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। মানুষের জন্য এটি হবে এক অবিশ্বাস্য ও আতঙ্কজনক দৃশ্য।
আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে দুই ভাগে ভাগ করবেন: যাদের নেকির পাল্লা ভারী হবে এবং যাদের পাল্লা হালকা হবে। আল্লাহ বলেন: ﴾فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ﴿ “অতঃপর যার পাল্লা ভারী হবে, সে লাভ করবে সন্তোষজনক জীবন।” যাদের সৎ কাজ তাদের মন্দ কাজের চেয়ে বেশি হবে, তারা জান্নাতে এমন এক চমৎকার ও সুখী জীবন লাভ করবে যা তাদের পূর্ণ সন্তুষ্ট করবে। এটি মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য একটি সম্মানজনক প্রতিদান।
﴾فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ﴿ “সে সন্তোষজনক জীবনে রয়েছে।” ﴾فِي عِيشَةٍ رَّاضِيَةٍ﴿ “একটি জীবন” শব্দটি জান্নাতের বিভিন্ন ধরনের নেয়ামতের প্রতি ইঙ্গিত করে।“সন্তোষজনক” ﴾رَّاضِيَةٍ﴿ শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে, জান্নাতবাসী তার জীবন নিয়ে এতটাই সুখী ও আনন্দিত হবে যে তার সন্তুষ্টির আর কোনো অপূর্ণতা থাকবে না। সূরা আল-হাক্কাহ-তে বলা হয়েছে এটি হবে একটি “উচ্চ জান্নাত” ﴾فِي جَنَّةٍ عَالِيَةٍ﴿ যার অর্থ এর ঘরবাড়ি ও স্থানগুলো হবে অনেক উঁচুতে এবং এর মর্যাদা ও সৌন্দর্য হবে অকল্পনীয়। জান্নাতের নেয়ামতের মধ্যে একটি বিশেষ দিক হলো এর ফলসমূহ হবে “নিকটবর্তী” ﴾قُطُوفُهَا دَانِيَةٌ﴿ এর অর্থ হলো ফলগুলো ছিঁড়তে জান্নাতবাসীকে কোনো কষ্ট করতে হবে না, সেগুলো হাতের নাগালেই থাকবে।
জান্নাতবাসীদের সম্মানে বলা হবে: ﴾كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ﴿ “তোমরা অতীতে (দুনিয়ায়) যা পাঠিয়েছিলে তার বিনিময়ে তৃপ্তির সাথে খাও ও পান করো” ﴾هَنِيئًا﴿ “তৃপ্তির সাথে” বলতে এমন এক সুখকে বোঝানো হয়েছে যাতে কোনো ক্লান্তি, দুঃখ বা মলিনতা থাকবে না।
আর দ্বিতীয় প্রকার ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন: وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ ٨ فَأُمُّهُۥ هَاوِيَةٞ ٩ “আর যার নেকীর পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া”। অর্থাৎ যার মন্দ কাজগুলো মিজানের পাল্লায় ভারী হবে; কারণ তার কুফরীর কারণে তার কোনো নেক আমল থাকবে না।
আল্লাহ তাআলা তার ঠিকানা বা থাকবার জায়গাকে ﴾هَاوِيَةٞ﴿ জাহান্নাম নামকরণ করেছেন। কারণ এটিই হবে তার চিরস্থায়ী আবাসস্থল যেখানে সে অবস্থান করবে এবং যে আশ্রয়ে সে ফিরে যাবে, ঠিক যেমন সন্তান তার মায়ের কাছে ফিরে যায়।
তাফসীরবিদগ ﴾فَأُمُّهُ هَاوِيَةٌ﴿ “তার মা হবে হাবিয়া”-এর ব্যাখ্যায় বলেছেন: এর অর্থ হলো সে তার মাথার তালু নিচের দিকে করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবার কেউ বলেছেন: এর অর্থ তার বাসস্থান; কারণ বাসস্থানই হলো মানুষের মূল আশ্রয়স্থল। এই উভয় অর্থই এখানে প্রযোজ্য। কুরআন একটি প্রসঙ্গের মধ্যেই দুটি অবস্থাকে তুলে ধরেছে, যা কুরআনের চমৎকার বর্ণনাভঙ্গি এবং ভাষালঙ্কারিক মুজিজার (অলৌকিকত্বের) বহিঃপ্রকাশ।
অতঃপর ﴾هَاوِيَةٌ﴿ “হাবিয়া” শব্দটি ব্যবহার করে এর ভয়াবহতাকে আরও স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ, সে এক গভীর অতল গহ্বরে পতিত হবে, যার কোনো শেষ নেই।
এরপর মহান আল্লাহ সেই আযাবের ভয়াবহতা ফুটিয়ে তোলার জন্য পুনরায় প্রশ্নবোধক বাক্যের অবতারণা করেছেন। আল্লাহ তাআলা বলেন: ﴾وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ﴿ “আর কিসে তোমাকে জানাবে যে সেটি কী?” এটি একটি ভয়াবহতা ও মাহাত্ম্য প্রকাশক প্রশ্ন। অর্থাৎ, তুমি কি জানো ﴾فَأُمُّهُ هَاوِيَةٌ﴿ “তার আবাস হবে হাবিয়াহ” এর প্রকৃত অর্থ কী? এটি প্রত্যেকের জন্য একটি প্রশ্ন।
কিসে তোমাকে জানাবে ‘হাবিয়াহ’ কী? কেননা তুমি তা প্রত্যক্ষ করোনি এবং তার আযাবের তীব্রতাও দেখোনি। এর মাধ্যমে এটি বোঝানো হয়েছে যে, যেহেতু তুমি নিজে তা দেখনি বা সেখানে বসবাস করোনি, তাই সেই ভয়াবহ আযাবের প্রকৃত স্বরূপ তোমার জ্ঞানের বাইরে। এটি সেই আগুনের বিভীষিকা এবং যখন কোনো কাফির তাতে নিক্ষিপ্ত হবে, তখন তার পতনের প্রচণ্ড শক্তিকে নির্দেশ করে। এছাড়াও এতে রয়েছে এক সতর্কবার্তা—আল্লাহর আনুগত্য করা এবং মহান আল্লাহ তাঁর রাসূল মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে যা পাঠিয়েছেন তা মেনে চলা অপরিহার্য। এটি আরও বুঝিয়ে দেয় যে: তোমাদের অজ্ঞতার পর আমরা তোমাদেরকে এর ভয়াবহতা ও বাস্তবতা সম্পর্কে অবহিত করেছি, যাতে এটি তোমাদের বিরুদ্ধে একটি প্রমাণ হিসেবে দাঁড়ায় যে আমরা তোমাদের সতর্ক করেছিলাম।
এরপর জানার আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন: ﴾نَارٌ حَامِيَةٌ﴿ “তীব্র উত্তপ্ত আগুন”। অর্থাৎ, এটি অত্যন্ত প্রচণ্ড উত্তাপের একটি আগুন। যেমনটি নবী করীম (সা.) এর বর্ণনায় বলেছেন: “তোমাদের এই আগুন (দুনিয়ার আগুন) আদম সন্তানদের জন্য যা জ্বালানো হয়, তা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ।”[2] এটি মহাপ্রতাপশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তার তীব্রতা ও শক্তি প্রকাশ করে।
এতে মানুষের প্রতি আল্লাহ তাআলার রহমতও প্রকাশ পায়, কারণ তিনি তাদের সামনে আখেরাতের বাস্তবতাকে এমনভাবে স্পষ্ট করেছেন যেন তারা তা দেখতে পাচ্ছে। এর উদ্দেশ্য হলো—তাদেরকে কুফরি থেকে সতর্ক করা, দুনিয়ার প্রতি মোহমুক্ত করা এবং তাঁর মনোনীত দ্বীন ইসলামের প্রতি আগ্রহী করে তোলা; যাতে তারা জান্নাত ও এর নেয়ামতপূর্ণ সুখী জীবন লাভ করতে পারে। হে আল্লাহ, আমরা আপনার কাছে বিনা হিসাবে জান্নাত প্রার্থনা করছি এবং আযাব থেকে মুক্তি চাই; আমাদের এবং সকল মুসলিমদের জন্য, হে রাব্বুল আলামীন।
পরিশেষে, আমি মহান আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে এই মহান কাজের সম্মান দান করেছেন এবং সূরা আল-কারিয়াহ সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারের সকলের ওপর।
ফুটনোট:
[1] আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৫৯৪
[2] সহীহ মুসলিম ২৮৪৩