মাদানী Madani مَدَنِيّ · ৮ আয়াত · ৯৯

আয-যিলযাল

الزلزلة

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا ١ وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا ٢ وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا ٣ يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا ٤ بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا ٥ يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ ٦ فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ٧ وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ ٨ (سورة الزلزلة: 1–8)

সূরা আল-যিলযাল এর শিক্ষা ও তাৎপর্য

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি


সূরা আল-যিলযাল পুনরুত্থান, কবর থেকে মানুষের বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হওয়া এবং তাদের আমলনামা ও প্রতিদান দেখার বিষয়টি আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলেছেন: ﴾إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا﴿ “যখন পৃথিবী তার প্রবল কম্পনে প্রকম্পিত হবে”। অর্থাৎ, কিয়ামতের দিন যখন ইসরাফীল (আ.)-এর শিঙার আওয়াজ শোনা যাবে, তখন পৃথিবী প্রচণ্ডভাবে নড়ে উঠবে। পাহাড়গুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে এবং পৃথিবীর পিঠের ওপর যা কিছু আছে সব ভেঙে পড়বে; কিছুই আর স্থির থাকবে না। এরপর পৃথিবী দ্বিতীয়বার প্রকম্পিত হবে এবং: ﴾وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا﴿ “পৃথিবী তার ভেতরের ভার বের করে দেবে”। অর্থাৎ, পৃথিবী তার ভেতরে থাকা সকল মৃত মানুষকে বের করে দেবে। ইমাম তাবারী (রহ.) বলেন: পৃথিবী তার পেটে থাকা মৃতদের বের করে দেবে; মানুষ জীবিত অবস্থায় পৃথিবীর পিঠের ওপর বোঝা ছিল, আর মৃত অবস্থায় তার পেটের ভেতরে বোঝা।[1] এখানে এখানে ﴾أَثْقَالَ﴿ ‘বোঝা’ শব্দটির ব্যবহারের উদ্দেশ্য হলো বিষয়টির ভয়াবহতা ফুটিয়ে তোলা।” আল্লামা ইবনে আশুর (রহ.)-এর মতে, এখানে ﴾أَثْقَالَهَا﴿ ‘বোঝা’ প্রকাশের মাধ্যমে এটিই উদ্দেশ্য যে, এই মৃত মানুষগুলো পৃথিবীর ওপর একটি ভার স্বরূপ।[2]

এরপর আল্লাহ তাআলা মানুষের সেই অবস্থার কথা বর্ণনা করেছেন যখন সে পৃথিবীর এই অস্বাভাবিক কম্পন ও বিশৃঙ্খলা অনুভব করবে। আল্লাহ তায়ালা বলেন: ﴾وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا﴿ “আর মানুষ বলবে, এর কী হলো?”। এটি একটি বিস্ময় ও অস্বীকারসূচক প্রশ্ন, যা সেই দিনের ভয়াবহতা ও কঠিন পরিস্থিতির কারণে মানুষের মনে সৃষ্টি হবে।

মানুষের এই বিস্ময় ও আতঙ্ক থেকেই বোঝা যায় যে, এই কম্পনটি কিয়ামতের কম্পন যা কিয়ামতের অন্যতম আলামত। এরপর দ্বিতীয় ফুৎকার হবে যার মাধ্যমে মানুষ হিসাবের জন্য বের হবে। ইমাম কুরতুবী (রহ.) ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেন: প্রথম ফুৎকারে পৃথিবী প্রকম্পিত হবে এবং দ্বিতীয় ফুৎকারে পৃথিবী তার মৃতদের (বোঝা) বের করে দেবে।

একইভাবে ইবনে আব্বাস ও মুজাহিদ (রহ.) থেকে বর্ণিত: ﴾أَثْقَالَهَا﴿ ‘বোঝা’ হলো মৃতরা, যারা দ্বিতীয় ফুৎকারের পর বের হবে। কেউ কেউ বলেছেন এর দ্বারা জিন ও ইনসানকে বোঝানো হয়েছে। সুতরাং পবিত্র কোরআনের এই বর্ণনা অনুযায়ী প্রথম ফুৎকারে মানুষের মনে প্রশ্ন জাগবে: ﴾وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا﴿ “আর মানুষ বলবে, এর কী হলো?” এবং দ্বিতীয় ফুৎকারে পৃথিবী তার বোঝা বা মৃতদের বের করে দেবে।[3]


সূরা ইয়াসীন-এ পুনরুত্থানের সময় মানুষের হতভম্ব হওয়ার বিষয়টি এভাবে এসেছে: ﴾قَالُوا يَا وَيْلَنَا مَن بَعَثَنَا مِن مَّرْقَدِنَا ۜ هَٰذَا مَا وَعَدَ الرَّحْمَٰنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ﴿ “তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ! কে আমাদের নিদ্রাস্থল থেকে পুনরুত্থিত করল? দয়াময় আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন”। কারণ দুই ফুৎকারের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা তাদের ওপর থেকে আযাব তুলে নেবেন। উবাই ইবনে কাব (রা.) বলেন: তারা পুনরুত্থানের আগে কিছুটা সময় ঘুমিয়ে থাকবে।[4] যখন দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে তাদের হঠাৎ হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নেওয়া হবে, তখন তারা বিস্ময়ে এই প্রশ্ন করবে। এটি তাদের আকস্মিক ভয়, চরম অনুশোচনা এবং সামনে যা দেখতে পাচ্ছে সেই ভয়াবহতা থেকে সৃষ্ট এক আর্তনাদ। তখন তারা কাফের হওয়া সত্ত্বেও কবরে থাকাকেই পছন্দ করবে।

অতঃপর আল্লাহ তাআলা সেই সময়ের ভয়াবহতা সম্পর্কে সংবাদ দিচ্ছেন, যখন পৃথিবী তার সংবাদসমূহ প্রকাশ করে দেবে এবং যা ঘটবে তা সবার কাছে স্পষ্ট হয়ে যাবে। ফলে মানুষ সেই সব ঘটনার মাধ্যমে জানতে পারবে যে এটি কিয়ামতের দিন, আর এটিই পুনরুত্থান, হিসাব এবং প্রতিফলের সময়। মহান আল্লাহ বলেন: ﴾يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا﴿ “সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে”। অর্থাৎ, পৃথিবী প্রকম্পিত ও আলোড়িত হওয়ার মাধ্যমে তার খবরগুলো প্রকাশ করবে এবং তার পেটে থাকা মৃতদের পিঠের ওপর বের করে দেবে।


ইমাম ইবনে জারীর আল-তাবারী (রহ.) বলেন: ﴾تُحَدِّثُ ﴿ ‘প্রকাশ করা’ এর অর্থ হলো— সাঈদ ইবনে জুবায়েরের মতে— ‘জানিয়ে দেওয়া’। পৃথিবী তার পেটের ভেতরে থাকা বোঝাগুলো পিঠের ওপর বের করে দিয়ে তার খবরগুলো জানিয়ে দেবে। এই অর্থের ব্যাখ্যা হলো: সেদিন পৃথিবী প্রকম্পিত হওয়ার মাধ্যমে তার খবরগুলো স্পষ্ট করবে এবং আল্লাহর নির্দেশে মৃতদের বের করে আনবে; কারণ আল্লাহ তাকে সেই অনুমতি দেবেন। আর এটাই আল্লাহর বাণীর অর্থ: ﴾يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا﴿ “সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে”। বলা হয়েছে যে, পৃথিবীর পিঠে অবস্থান করে মানুষ যে আনুগত্য বা অবাধ্যতামূলক (পাপ) কাজ করেছে, পৃথিবী সে সম্পর্কে কথা বলবে।[5] এরপর আল্লাহ তাআলা জানাচ্ছেন যে, পৃথিবীতে যা কিছু পরিবর্তন ঘটবে তা আল্লাহর নির্দেশের কারণেই হবে। মহান আল্লাহ বলেন: ﴾بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا﴿ “কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন”। অর্থাৎ, তাকে নির্দেশ দেবেন। অতঃপর পৃথিবী তার ভেতরে যা আছে তা বের করে দেবে এবং সেগুলো থেকে মুক্ত হয়ে যাবে। সবকিছুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে। যখন আল্লাহ কোনো কিছুকে চালিত করতে চান, তখন তা সচল হয়। রাজত্ব, হুকুম এবং কর্তৃত্ব কেবল তাঁরই।


এরপর আল্লাহ তাআলা হিসাবের পর মানুষের ফিরে যাওয়া সম্পর্কে জানাচ্ছেন। মহান আল্লাহ বলেন: ﴾يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ﴿ “সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদের কৃতকর্ম দেখানো হয়”। (الصَّدُورُ) মানে হলো ফিরে আসা, যা (الورود) আগমন-এর বিপরীত। অর্থাৎ, তারা হিসাবের স্থান থেকে ফিরে আসবে। ﴾أَشْتَاتًا﴿ “ভিন্ন ভিন্ন দল” অর্থাৎ, পৃথক পৃথক দলে। মুমিনরা আলাদা এবং কাফিররা আলাদা হয়ে ফিরবে। ﴾لِّيُرَوْا أَعْمَالَهُمْ﴿ “যাতে তাদের আমল দেখানো হয়”। ইবনে আব্বাস (রা.) বলেন, এর অর্থ হলো যাতে তারা তাদের কর্মের প্রতিদান দেখতে পায়। অর্থাৎ, তারা হিসাবের স্থান থেকে দলবদ্ধভাবে ফিরে যাবে জান্নাত বা জাহান্নামে তাদের নিজ নিজ আবাসে পৌঁছানোর জন্য।[6] কেননা (الصَّدُورُ) মানে হলো ফিরে আসা, যা (الورود) আগমন-এর বিপরীত।


এরপর আল্লাহ তাআলা তাঁর সূক্ষ্ম ইনসাফ বা ন্যায়বিচার সম্পর্কে জানাচ্ছেন যে, তিনি ক্ষুদ্রাতিক্ষুদ্র এবং বিশাল সব কাজেরই প্রতিদান দেবেন। মহান আল্লাহ বলেন: ﴾فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ﴿ “কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে”। সুতরাং যে ব্যক্তি সামান্য বা অল্প পরিমাণ ভালো কাজ করবে, সেটি যত ছোট বা নগণ্যই হোক না কেন, সে তা দেখতে পাবে। এটি আল্লাহর ন্যায়বিচার এবং বান্দাদের কাজের নিখুঁত হিসাবের বহিঃপ্রকাশ। তারা তাদের করা প্রতিটি ভালো কাজ দেখতে পাবে, এমনকি যদি তা ওজনে একটি ذَرَّةٍ ‘অণু বা ধূলিকণা’-এর মতো ক্ষুদ্র হয় তবুও। একইভাবে মন্দ কাজের ক্ষেত্রেও আল্লাহ বলেন: ﴾وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ﴿ “আর কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে”। অর্থাৎ তারা তাদের মন্দ কাজগুলোও দেখতে পাবে, যদিও তা ওজনে একটি ক্ষুদ্র অণুর সমান হয়।

এই প্রসঙ্গের সূক্ষ্ম দিকগুলোর মধ্যে একটি হলো— এখানে ভালো এবং মন্দ কাজ দেখার কথা বলা হয়েছে, কিন্তু সরাসরি প্রতিফলের কথা (এই আয়াতে) উল্লেখ করা হয়নি। কারণ মুমিন এবং কাফিরদের অবস্থা ভিন্ন হবে। ইবনে আব্বাস (রা.) বলেন: মুমিন বা কাফির কেউই নেই যে দুনিয়াতে কোনো ভালো বা মন্দ কাজ করেছে অথচ তা তাকে দেখানো হবে না। তবে মুমিন ব্যক্তিকে তার ভালো এবং মন্দ উভয় কাজই দেখানো হবে, অতঃপর আল্লাহ তার মন্দ কাজগুলো ক্ষমা করে দেবেন এবং ভালো কাজগুলো কবুল করবেন। আর কাফির ব্যক্তিকে তার মন্দ এবং ভালো উভয় কাজই দেখানো হবে, তবে তার ভালো কাজগুলো কবুল করা হবে না এবং তাকে তার মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে।[7] কারণ তার ভালো কাজগুলো তার কুফরির কারণে কবুলযোগ্য নয়। এর মাধ্যমে বান্দার আমল গণনায় আল্লাহর সূক্ষ্ম নিখুঁত হিসাব ফুটে ওঠে। কাফির ব্যক্তি তার কোনো ভালো কাজ দ্বারা উপকৃত হবে না, কারণ সে সবচেয়ে বড় পাপে (কুফরিতে) লিপ্ত ছিল। এছাড়া এটি মুমিনদের প্রতি আল্লাহর রহমত এবং তাঁর পূর্ণ ইনসাফকেও ফুটিয়ে তোলে। এই বর্ণনাটি কুফরি থেকে বাঁচার জন্য একটি কঠোর সতর্কতা এবং ঈমানদারদের জন্য জান্নাতের সুসংবাদ।

হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং সেই কথা বা কাজ থেকে আশ্রয় চাই যা জাহান্নামের আগুনের নিকটবর্তী করে। হে পরম করুণাময়, আপনার রহমতে আমাদের কবুল করুন। হে জগতসমূহের প্রতিপালক।

আমি মহান আল্লাহর প্রশংসা করছি এবং তাঁর শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে এই সম্মানজনক কাজের তাওফিক দিয়েছেন এবং সূরা আল-যিলযাল এর তাফসীর সম্পন্ন করার সুযোগ দিয়েছেন। হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবার ও সকল সঙ্গীদের ওপর।


ফুটনোট:

[1] আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৫৫৮

[2] ইবনে আশুর, আত-তাহরীরওয়াত-তানভীর ১২/৭৮২

[3] কুরতুবী, আল-জামিঈ লীআহকামিল কুরআন ২০/১০০

[4] ইবনুল জাওযী, যাদুল মাসির ফী ইলমিত তাফসীর ৬/২৭৫

[5] আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৫৬০

[6] ইবনুল জাওযী, যাদুল মাসির ফী ইলমিত তাফসীর৮/২৯৩

[7] আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৫৬৩