মাক্কী Makki مَكِّيّ · ৪ আয়াত · ১১২
আল-ইখলাস
الإخلاص
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١ ٱللَّهُ ٱلصَّمَدُ ٢ لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ٣ وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ٤ (سورة الإخلاص: 1–4)
সূরা আল-ইখলাস এর শিক্ষা ও তাৎপর্য
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
সূরা আল-ইখলাস আল্লাহর মহান সুন্দর নামসমূহ এবং তাঁর সুউচ্চ গুণাবলিকে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা ও বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেছেন: ﴾قُلْ هُوَ اللهُ أَحَدٌ﴿ “বলুন, তিনিই আল্লাহ, একক”। অর্থাৎ, আপনার জিহ্বা ও বিশ্বাস দ্বারা বলুন এবং বিশ্বাসী ও সত্যায়নকারী হিসেবে সাক্ষ্য দিন যে, মহান আল্লাহ সত্তাগতভাবে এক, তাঁর কোনো অংশীদার নেই। তাঁর নাম ও গুণাবলিতে তাঁর কোনো সমকক্ষ বা সদৃশ নেই; তিনি তাঁর নাম, গুণাবলি, বাণী, কর্ম, পরিচালনা এবং তাঁর সাথে সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে অনন্য ও পূর্ণতার অধিকারী। তাঁর কোনো পিতা নেই, সন্তান নেই, স্ত্রী নেই এবং কোনো অংশীদারও নেই। সুতরাং আপনাদের রব তাঁর রাজত্বে একক ও অনন্য; তাঁর কোনো তুলনা বা সদৃশ নেই।
তেমনিভাবে তিনি ﴾اللَّهُ الصَّمَدُ﴿ “আল্লাহ অমুখাপেক্ষী” অর্থাৎ, তিনি সেই একক ও অদ্বিতীয় সত্তা যার কাছে সকল প্রয়োজন পূরণের জন্য ধরণা দেয়া হয়, যিনি অনিষ্ট ও ক্ষতি দূর করেন এবং বিপদ থেকে মুক্তি দান করেন। ইবনে আব্বাস (রাযি.) থেকে বর্ণিত: তিনি (আস-সামাদ) এমন এক নেতা যাঁর নেতৃত্ব পূর্ণাঙ্গ, এমন এক শরীফ (মর্যাদাবান) যাঁর মর্যাদা চরম শিখরে, এমন মহান যাঁর মহত্ত্ব অসীম, এমন সহনশীল যাঁর সহিষ্ণুতা পূর্ণাঙ্গ, এমন অভাবমুক্ত যাঁর ঐশ্বর্য পরিপূর্ণ, এমন পরাক্রমশালী যাঁর প্রতাপ অপ্রতিদ্বন্দ্বী, এমন জ্ঞানী যাঁর জ্ঞান নিখুঁত এবং এমন প্রজ্ঞাবান যাঁর হিকমত বা প্রজ্ঞা পূর্ণতা লাভ করেছে। তিনিই সেই সত্তা যিনি সকল প্রকার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের পূর্ণতা অর্জন করেছেন এবং তিনি মহান আল্লাহ; এই গুণাবলি অন্য কারো জন্য শোভা পায় না।[1]
ইমাম আজ-যাজ্জাজ (রহ.) বলেন: তিনি সেই সত্তা যাঁর কাছে সকল নেতৃত্ব শেষ হয়, সব কিছু তাঁরই মুখাপেক্ষী হয়, অর্থাৎ সবাই তাঁরই উদ্দেশ্য করে। ইবনে আল-আনবারী (রহ.) বলেন: ভাষাবিদদের মধ্যে এ বিষয়ে কোনো মতভেদ নেই যে, ‘আস-সামাদ’ হলেন সেই নেতা যাঁর উপরে আর কেউ নেই, মানুষ তাদের প্রয়োজন ও সমস্যার সমাধানে যাঁর অভিমুখী হয়।[2] তিনিই আল্লাহ, প্রতাপশালী, উচ্চমর্যাদাসম্পন্ন, একক, অদ্বিতীয়, প্রয়োজনের আধার, অনিষ্ট দূরকারী এবং দুঃখ-কষ্ট মোচনকারী। তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নেই।
আল্লাহ তাআলা নিজেকে একক, অদ্বিতীয় ও অমুখাপেক্ষী হিসেবে বর্ণনা করার পর, নিজের সন্তান বা পিতা থাকার বিষয়টি অস্বীকার করেছেন। আল্লাহ তাআলা বলেন: ﴾لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ﴿ “তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।” কেননা আপনাদের রবের পূর্ণতা, সম্মান এবং অন্যের থেকে অমুখাপেক্ষিতার দাবি হলো এটাই যে, তাঁর কোনো সন্তান নেই এবং তাঁর কোনো পিতাও নেই। ফলশ্রুতিতে, আপনাদের রব-ই হলেন ‘আউয়াল’ (প্রথম) যাঁর পূর্বে কিছু নেই এবং 'আখির' (শেষ) যাঁর পরে আর কিছু নেই।
যেমনটি সূরা আল-হাদীদে আল্লাহ বলেছেন: ﴾هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ﴿ “তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য এবং তিনিই গোপন; আর তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।” আপনাদের রবই প্রথম, সুতরাং তাঁর পূর্বে কিছুই নেই। তিনিই শেষ, সুতরাং তাঁর পরে কিছুই থাকবে না। তিনিই প্রকাশ্য, যাঁর উপরে কিছুই নেই। তিনিই গোপন, যাঁর নিচে বা আড়ালে কিছুই নেই।
সহীহ মুসলিমে রাসূলুল্লাহ (সা.)-এর দুআ বর্ণিত হয়েছে: “হে আল্লাহ! আপনিই প্রথম, আপনার আগে কিছু নেই। আপনিই শেষ, আপনার পরে কিছু নেই। আপনিই প্রকাশ্য, আপনার উপরে কিছু নেই। আপনিই গোপন, আপনার নিচে কিছু নেই। আমাদের ঋণ পরিশোধ করে দিন এবং আমাদের দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে সচ্ছলতা দান করুন।”[3]
এই সূরায় মুশরিকদের সেই দাবির প্রতিবাদ ও মিথ্যায়ন করা হয়েছে যারা বলে: ফেরেশতারা আল্লাহর কন্যা। একইভাবে এটি ইহুদিদের এই দাবিকে কঠোরভাবে খণ্ডন করে যে 'উযাইর আল্লাহর পুত্র' এবং নাসারাদের (খ্রিস্টানদের) দাবিকে যে ‘মাসীহ (ঈসা) আল্লাহর পুত্র’। আল্লাহ তাআলা নিজেকে এসব থেকে মুক্ত ঘোষণা করেছেন, যাতে এই কুরআনের মাধ্যমে কাফিরদের আকিদা বা বিশ্বাস সংশোধন করা যায়।
আল্লাহ তাআলা সূরা আল-ইসরা-তে বলেছেন: ﴾أَفَأَصْفَاكُمْ رَبُّكُمْ بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَائِكَةِ إِنَاثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا﴿ “তবে কি তোমাদের পালনকর্তা তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদের মধ্য থেকে কন্যা গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা অত্যন্ত গুরুতর কথা বলছো।” অর্থাৎ, আল্লাহ কি তোমাদের ছেলেদের দিয়ে অনুগ্রহ করেছেন আর নিজের জন্য ফেরেশতাদের মধ্য থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন? এই প্রশ্নটি তাদের এই অপবাদের বিরুদ্ধে তিরস্কার, ধমক ও ভর্ৎসনা স্বরূপ।
অতঃপর আল্লাহ তাদের নিন্দা জোরদার করে বলেছেন: ﴾ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا﴿ “নিশ্চয়ই তোমরা এক গুরুতর কথা বলছো।” অর্থাৎ, এই অপবাদটি অত্যন্ত স্পর্ধাপূর্ণ। তাদের এই বক্তব্যের কঠোর প্রতিবাদ মূলত এই মিথ্যার ভয়াবহতা এবং মিথ্যাবাদীদের চরম বিচ্যুতির প্রমাণ দেয়।
এটি নির্দেশ করে যে, কিছু মানুষ আল্লাহর ব্যাপারে এমন ধৃষ্টতা দেখায় যা তাঁর শানের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয় এবং তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিষয়গুলোকে সাজাতে গিয়ে এমনকি নিজেদের আল্লাহ থেকে শ্রেষ্ঠ মনে করার পর্যায়ে চলে যায়। আমরা আল্লাহর কাছে হিদায়াত, সুরক্ষা ও তাওফীক প্রার্থনা করি।
এই বর্ণনাটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁর নিজের পবিত্র সত্তা সম্পর্কে এক মহান ঘোষণা; যা প্রমাণ করে যে আল্লাহ সব কিছুর আগে অনাদি হিসেবে বিদ্যমান এবং একমাত্র তিনিই চিরস্থায়ী ও অংশীদারহীন। তিনি সুউচ্চ মর্যাদা, সম্মান ও বিজয়ের অধিকারী; তাঁর চেয়ে উচ্চতর আর কিছুই নেই। তিনি গোপন রহস্য সম্পর্কে পূর্ণ জ্ঞাত; তাঁর কাছে লুকানো কিছুই নেই।
ইহুদিরা যেমন বলেছিল—আল্লাহ সূরা আত-তাওবায় তা উল্লেখ করেছেন: ﴾وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّ﴿ “ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র।” আর নাসারাদের অপবাদ সম্পর্কে আল্লাহ বলেছেন: ﴾وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ﴿ “নাসারারা বলে মসীহ (ঈসা) আল্লাহর পুত্র।” তাদের এই বক্তব্য কেবল মুখ নিঃসৃত কথা মাত্র, যার পেছনে কোনো দলিল বা প্রমাণ নেই; বরং এটি নিছক অপবাদ ও মিথ্যাচার। তাদের এই দুঃসাহস প্রমাণ করে যে তারা চরম মিথ্যাবাদী এবং তারা আল্লাহর মর্যাদার সাথে অসংগতিপূর্ণ অপবাদ আরোপ করেছে; তাই তারা ঈমানের যোগ্য নয় এবং তারা কাফিরদের সাথে একই কাতারে শামিল। ﴾يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ﴿ “তারা তাদের পূর্ববর্তী কাফিরদের কথার অনুকরণ করে” অর্থাৎ, তারা তাদের পূর্বসূরিদের মতো অপবাদ দেয়; যেমন ইহুদিরা বলেছিল উযাইর আল্লাহর পুত্র এবং মুশরিকরা বলেছিল ফেরেশতারা আল্লাহর কন্যা। ﴾قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ﴿ “আল্লাহ তাদের ধ্বংস করুন, তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে?” অর্থাৎ, আল্লাহর ওপর এই মিথ্যা অপবাদের কারণে তিনি তাদের লানত (অভিশাপ) দিয়েছেন।
আল্লাহ তাআলা যখন নিজেকে একক, অদ্বিতীয়, অজাত এবং স্ত্রী-সন্তানহীন হিসেবে সাব্যস্ত করলেন, তখন তিনি স্পষ্টভাবে অস্বীকার করলেন যে তাঁর সৃষ্টির মধ্যে এমন কেউ নেই যে কোনো দিক থেকে তাঁর সদৃশ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন: ﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ﴿ “আর তাঁর সমতুল্য কেউ নেই।” অর্থাৎ, আল্লাহর কোনো উপমা, সদৃশ বা সমকক্ষ নেই। ‘কুফু’ (الكفو) শব্দের অর্থ হলো সমতুল্য বা সমকক্ষ। সুতরাং আল্লাহর নাম, গুণাবলি, ক্ষমতা, আধিপত্য এবং রাজত্বের কোনো বিষয়েই তাঁর সমান কেউ নেই। তিনি একক, অদ্বিতীয় এবং সৌন্দর্য ও পূর্ণতায় অনন্য; আর তিনি ব্যতীত বাকি সব কিছুই তাঁর সৃষ্টি। যেমনটি সূরা আশ-শুরা-তে আল্লাহ বলেছেন: ﴾لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ﴿ “তাঁর সদৃশ কিছুই নেই।” অর্থাৎ, কোনো কিছুতেই তাঁর কোনো উপমা নেই। এই অস্বীকৃতি এমন এক পূর্ণতাকে সাব্যস্ত করে যা সৃষ্টির কারো সাথে পরিমাপ করা যায় না এবং এটি সৃষ্টি করা, পরিচালনা করা ও ক্ষমতার ক্ষেত্রে সকল সমকক্ষতাকে নাকচ করে দেয়। যাতে বান্দা এই বর্ণনার মাধ্যমে শিখতে পারে যে, আল্লাহর গুণাবলি ও ক্ষমতাকে সৃষ্টির কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না।
সূরা আল-ইখলাসে বর্ণিত এই মহান ও মহিমান্বিত বিবরণের কারণেই এই সূরা পাঠ করা কুরআনের এক-তৃতীয়াংশের সমান সওয়াব রাখে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক-তৃতীয়াংশ পড়তে অক্ষম? তারা বললেন: কীভাবে এক-তৃতীয়াংশ পড়বে? তিনি বললেন: ﴾قُلْ هُوَ اللهُ أَحَدٌ﴿ সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশের সমান।”[4] এটি এই সূরার মহান ফযিলত এবং এর পাঠকারীর জন্য বিশাল সওয়াবের প্রমাণ দেয়; কারণ এটি শুধুমাত্র আল্লাহর একত্ববাদ এবং তাঁর মহান নাম ও গুণাবলির বর্ণনার জন্য নিবেদিত।
পরিশেষে আমি আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে সূরা আল-ইখলাসের কাজ সম্পন্ন করার তৌফিক দান করেছেন। হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সকল প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারের ওপর।
ফুটনোট:
[1] ইবনে জারির আত-ত্ববারী, জামিউলবায়ান আনতা’বীল আয়্যিল কুর্আন ২৪/৭৩৬
[2] ইবনুল জাওযী, যাদুল মুয়্যাস্সার ফী্ ইলমিত তাফসীর ৮/৩৩১
[3] সহীহ মুসলিম ২৭১৩
[4] সহীহ মুসলিম ৮১১